লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

লস এঞ্জেলেসের চ্যাটসওয়ার্থে একই দিনে ঘটে যাওয়া দুটি মর্মান্তিক ঘটনায় নিহত পাঁচজনের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় আবেগঘন মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি ক্যাথলিক গির্জায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি কয়েক ডজন মানুষ অংশ নেন। গির্জার প্রাঙ্গণজুড়ে জ্বলছিল মোমবাতি, ছিল নিহতদের ছবি এবং শোকাহত স্বজনদের উপস্থিতি। নিহতদের মধ্যে ৩১ বছর বয়সী গেজ ওয়াইডা ও ৪৬ বছর বয়সী ড্যানিয়েল কাস্তিয়ো একটি মেট্রো বাসে ছিলেন। তদন্তকারীদের মতে, সিমি ভ্যালির ৩৬ বছর বয়সী বেইলি লিন রিওস দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বাসটিতে ধাক্কা দিলে দুজন নিহত হন। এ ঘটনায় রিওসের বিরুদ্ধে হত্যা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। বাস দুর্ঘটনার কিছু সময় পর ঘটনাস্থলের কাছেই দুর্ঘটনাটি কাভার করতে গিয়ে এনবিসি৪ নিউজচপার হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে টেলিভিশন সাংবাদিক এলিয়ানা মোরেনো, অভিজ্ঞ পাইলট জর্জ মারসিনিউ এবং মাটিতে থাকা এডি গুতিয়েরেজ মেহিয়া নিহত হন। ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুই ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়। স্মরণসভায় লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য জন লি বলেন, নিহতদের শুধু দুর্ঘটনার শিকার হিসেবে নয়, বরং ভালোবাসায় ঘেরা মানুষ হিসেবেই স্মরণ করা হচ্ছে। তাদের পরিবার, বন্ধু, সহকর্মী ও প্রতিবেশীরা তাদের হারিয়ে শোকাহত বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে লস এঞ্জেলেসের মেয়র কারেন বাসও বক্তব্য দেন। প্রিয়জনকে আকস্মিকভাবে হারানোর গভীর শোকের কথা তুলে ধরে তিনি দুর্ঘটনার মতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখভাগে কাজ করা সাংবাদিক ও জরুরি সেবাকর্মীদের ভূমিকাও স্মরণ করেন। এদিকে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তদন্তে হেলিকপ্টারটির শেষ মুহূর্তের একটি লাইভস্ট্রিম ভিডিওও গুরুত্বপূর্ণ আলামত হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে হেলিকপ্টারের স্বাভাবিক শব্দে হঠাৎ পরিবর্তন শোনা যায়। ইঞ্জিনের গতি ও রোটর ব্লেডের শব্দ কমে আসার পর ককপিটে একটি সতর্কসংকেত শোনা যায়। এরপর পাইলটকে চিৎকার করতে শোনা যায়। কয়েক মুহূর্ত পর মোরেনোকে শান্তভাবে পাইলটকে বলতে শোনা যায়, “তুমি কি ওপরে তুলতে পারছ না?” এরপর ক্যামেরাটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং ভিডিওটি শেষ হয়ে যায়। তদন্তকারীরা হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণের নথি, দুর্ঘটনার সময়কার আবহাওয়া পরিস্থিতি এবং পাইলটের প্রশিক্ষণসংক্রান্ত তথ্যও পরীক্ষা করছেন। এনটিএসবি প্রায় এক মাসের মধ্যে দুর্ঘটনার একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করতে পারে। তবে দুর্ঘটনার চূড়ান্ত কারণ নির্ধারণে প্রায় দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে।