লস এঞ্জেলেস

গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি গির্জা থেকে চুরি যাওয়া ৫০ হাজার ডলার মূল্যের ব্রোঞ্জের যিশুর মূর্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, চোরেরা মূর্তিটি গলিয়ে ব্রোঞ্জ বিক্রি করে দিতে পারে। সান্তা আনায় অবস্থিত ক্রাইস্ট আওয়ার সেভিয়র ক্যাথলিক চার্চ থেকে মূর্তিটি চুরি যাওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পরও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। যেখানে মূর্তিটি স্থাপন করা ছিল, সেখানে এখন পাথরের বেদির সঙ্গে শুধু এর ব্রোঞ্জের পা দুটি রয়েছে। মূর্তিটিতে প্রার্থনার ভঙ্গিতে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা যিশুর পাশে জন দ্য ব্যাপটিস্টকে দেখানো হয়েছিল। সান্তা আনা পুলিশ বিভাগ প্রকাশিত নজরদারি ক্যামেরার ভিডিওতে দুই সন্দেহভাজনকে দেখা গেছে। পুলিশের ধারণা, গত ৩০ আগস্ট রাত ২টার দিকে তারা বৈদ্যুতিক কাটার দিয়ে মূর্তিটি কেটে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে গির্জার প্রাঙ্গণে প্রবেশ করে। পরে তাদের একজন ব্যাগ থেকে বৈদ্যুতিক কাটার বের করেন। এরপর দুজন মিলে মূর্তিটির পায়ের অংশ কেটে সেটিকে টেনে নিয়ে যায়। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজনরা মূর্তিটি পাশের সেগারস্ট্রম হাইস্কুলের দিকে টেনে নিয়ে যায়। সেখানে তাদের পালিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। পরে তারা মূর্তিটি গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সান্তা আনা পুলিশের একজন মুখপাত্র জানান, একজন সন্দেহভাজন ব্যাগ থেকে কাটার বের করার পর দুজন মিলে মূর্তিটি পায়ের অংশ থেকে বিচ্ছিন্ন করে পুরো প্রাঙ্গণজুড়ে টেনে নিয়ে যায়। পুলিশ এখন মূর্তিটি উদ্ধারের চেষ্টা করছে। কারণ ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি ব্রোঞ্জের তৈরি হওয়ায় এটি গলিয়ে ধাতু হিসেবে বিক্রি করা হতে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। সম্প্রতি প্রকাশ করা নজরদারি ভিডিওতে সন্দেহভাজনদের সীমিতভাবে দেখা গেছে। একজনের মুখ ঢাকা ছিল। অন্যজনকে একটি টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়, যা দেখে কেউ তাকে শনাক্ত করতে পারবেন বলে আশা করছে পুলিশ। গির্জা কর্তৃপক্ষ চুরি যাওয়া মূর্তিটি ফেরত পাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পুলিশও সন্দেহভাজনদের কাউকে চিনতে পারলে বা মূর্তিটির বিষয়ে কোনো তথ্য থাকলে তদন্তকারীদের জানাতে অনুরোধ করেছে। এ ঘটনায় কোনো তথ্য থাকলে সান্তা আনা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা আর. উইলসনের সঙ্গে ৭১৪-২৪৫-৮৫৫১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।