লস এঞ্জেলেস

ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে জেলেদের ছিপে ধরা পড়েছে ৬৪৮ পাউন্ড ওজনের একটি বিশাল নীল মার্লিন। মাছটি ফিশারম্যান’স ল্যান্ডিংয়ে ওজন করার পর সেখানে সবচেয়ে বড় মাছ হিসেবে নতুন রেকর্ড গড়েছে। ৩২ বছর বয়সী মাছ ধরার নৌকার ক্যাপ্টেন অ্যালেক স্টকফেল্ট এ ঘটনার সময় তার ‘পেগাসাস’ নৌকায় ছিলেন। তার নৌকায় থাকা জেলেরা দীর্ঘ সময় চেষ্টা করে বিশাল মাছটিকে পানির বাইরে তুলতে সক্ষম হন। স্টকফেল্ট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, মাছটি দেখার পর নৌকায় থাকা সবাই প্রায় হতবাক হয়ে যান। এত বড় মাছ দেখে অনেকেই ছিপ ধরতেও যেন একটু ভয় পাচ্ছিলেন। মাছটি এতটাই ভারী ছিল যে নৌকায় থাকা প্রায় সবাইকে মিলে সেটি টেনে তুলতে হয়। স্টকফেল্টের ধারণা, ফিশারম্যান’স ল্যান্ডিংয়ের কোনো ওপেন-পার্টি স্পোর্ট ফিশিং বোট থেকে ধরা আগের সবচেয়ে বড় মাছটির ওজন ছিল প্রায় ৫৯৮ পাউন্ড। নতুন ধরা নীল মার্লিনটি সেই রেকর্ডের চেয়ে প্রায় ৫০ পাউন্ড বেশি। নীল মার্লিন সামুদ্রিক মাছের অন্যতম বড় প্রজাতি। ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির তথ্য অনুযায়ী, পূর্ণবয়স্ক নীল মার্লিনের দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন এক টন পর্যন্ত পৌঁছাতে পারে। সান ডিয়েগোর উপকূলে ধরা পড়া ৬৪৮ পাউন্ডের মাছটি তাই শুধু জেলেদের জন্যই নয়, স্থানীয় স্পোর্ট ফিশিংয়েও উল্লেখযোগ্য একটি শিকার হিসেবে বিবেচিত হচ্ছে।