লস এঞ্জেলেস

হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

অরেঞ্জ কাউন্টির ক্যাপিস্ট্রানো বিচে হারিকেন মেরির ক্ষয়ক্ষতির ধকল কাটতে না কাটতেই এবার নতুন করে উদ্বেগ তৈরি করেছে হারিকেন পোলো। শক্তিশালী ঢেউ, জোয়ার ও উপকূলীয় ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা। ডানা পয়েন্টের ক্যাপিস্ট্রানো বিচ এলাকায় সোমবার সকাল থেকেই বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করে। একই সঙ্গে জারি করা হয়েছে উপকূলীয় বন্যার সতর্কতা। হারিকেন পোলো সরাসরি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানার কথা না থাকলেও এর প্রভাবে তৈরি হওয়া শক্তিশালী ঢেউ উপকূলের জন্য ঝুঁকি তৈরি করছে। এই এলাকার বাসিন্দাদের উদ্বেগের বড় কারণ হলো, চলতি মাসের শুরুতেই হারিকেন মেরির প্রবল ঢেউয়ে ক্যাপিস্ট্রানো বিচে ব্যাপক ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় দুটি বাড়ি ভেঙে ফেলতে হয় এবং আরও আটটি বাড়িকে ‘রেড ট্যাগ’ দেওয়া হয়েছিল। অর্থাৎ এসব ভবনে থাকা নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছিল। আরও সাতটি বাড়িকে ‘ইয়েলো ট্যাগ’ দেওয়া হয়েছিল। পরে এর মধ্যে চারটি বাড়ির পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় সেগুলোকে ‘গ্রিন ট্যাগ’ করা হয়। পোলো আসার আগেই বাসিন্দা ও কর্তৃপক্ষ প্রস্তুতি শুরু করেছেন। বিচের কাছে বাড়িগুলো রক্ষায় বড় বড় পাথর বসানো হয়েছে। অনেক বাসিন্দা নিজেদের বাড়ির চারপাশে প্রতিরোধ ব্যবস্থা শক্ত করছেন। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির গ্যারেজের কাছ থেকে সমুদ্রের ভাঙন প্রায় ৬০ ফুট পর্যন্ত এগিয়ে এসেছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, পোলো থেকে আসা ঢেউ সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে ঢেউ ৪ থেকে ৭ ফুট পর্যন্ত হতে পারে। একই সময়ে জোয়ারও প্রায় ৭ ফুটে পৌঁছাতে পারে। ফলে নিচু উপকূলীয় রাস্তা, হাঁটার পথ ও পার্কিং এলাকায় পানি ওঠার পাশাপাশি আরও বালু ক্ষয় এবং স্থানীয়ভাবে স্থাপনার ক্ষতির আশঙ্কা রয়েছে। কাছাকাছি রেললাইন নিয়েও নজর রাখছে অরেঞ্জ কাউন্টি ট্রান্সপোর্টেশন অথরিটি। ঢেউয়ে রেলপথের স্থিতিশীলতা হুমকির মুখে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।