ক্যালিফোর্নিয়ার কলেজগুলোতে সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েকটি বিষয়ে পড়াশোনা করলেও কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া হচ্ছে, তার ওপর স্নাতকদের ভবিষ্যৎ আয়ে বড় পার্থক্য দেখা যাচ্ছে। নতুন এক বিশ্লেষণে ব্যবসা প্রশাসন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, যোগাযোগ ও নিবন্ধিত নার্সিং—এই পাঁচটি জনপ্রিয় বিষয়ের বিভিন্ন কলেজের স্নাতকদের আয় তুলনা করা হয়েছে।
ফেডারেল তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবসা প্রশাসন, ব্যবস্থাপনা ও পরিচালনা ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলর ডিগ্রি। সাম্প্রতিক দুই বছরের হিসাবে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এই বিষয়ে স্নাতক হয়েছেন। একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ভেদে আয়ের পার্থ্যক্যও বেশ বড়।
ইউসি বার্কলেতে ব্যবসা প্রশাসনে স্নাতকরা ডিগ্রি শেষ করার চার বছর পর বছরে প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার মধ্যম আয় করেন। বিপরীতে ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর একই বিষয়ের স্নাতকদের আয় ৫৬ হাজার ৩৬১ ডলারের কাছাকাছি।
ব্যবসা প্রশাসনের পর ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় জনপ্রিয় বিষয় মনোবিজ্ঞান। ইউএসসির মনোবিজ্ঞান স্নাতকদের চার বছর পর মধ্যম আয় প্রায় ৭০ হাজার ৫০০ ডলার। ক্যাল পলি হামবোল্টের ক্ষেত্রে এই আয় প্রায় ৪৬ হাজার ডলার।
বিশ্লেষণে আরও দেখা গেছে, ব্যবসা প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আয়ের ১০টি কলেজের তালিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি। ইউসি বার্কলের পাশাপাশি ক্যাল পলি সান লুইস ওবিসপো এবং ইউসি আরভিনও শীর্ষ ১০-এ রয়েছে। তবে বেশি বেতন মানেই যে শিক্ষার্থীর জন্য বেশি আর্থিক লাভ, তা নিশ্চিত নয়। কলেজের টিউশন, ঋণ, জীবনযাত্রার খরচ এবং স্নাতকের পর স্থানীয় চাকরির বাজারও হিসাব করা প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, একই বিষয়ে পড়লেও বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী মান, ক্যারিয়ার সেবা, শিক্ষার্থীদের পারিবারিক ও পেশাগত নেটওয়ার্ক এবং স্থানীয় অর্থনীতির কারণে আয়ে পার্থক্য তৈরি হতে পারে। প্রযুক্তিনির্ভর বে এরিয়ায় সাধারণত ইনল্যান্ড এম্পায়ারের তুলনায় উচ্চ বেতনের চাকরির সুযোগ বেশি থাকায় ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ব্যবস্থার অনেক প্রতিষ্ঠান তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ দেয়। ২০২৫ সালের একটি অর্থনৈতিক গতিশীলতা বিশ্লেষণে ক্যালিফোর্নিয়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই সিএসইউ ব্যবস্থার ছিল। ফলে শুধু স্নাতকদের বেতন নয়, ডিগ্রি অর্জনের মোট খরচও শিক্ষার্থীদের বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ।
ক্যালিফোর্নিয়ায় জনপ্রিয় বিষয়ের পাশাপাশি সামগ্রিকভাবে সবচেয়ে বেশি আয়ের ডিগ্রিগুলোর মধ্যে গণিত ও কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নিবন্ধিত নার্সিং, কম্পিউটার সায়েন্স এবং সাধারণ ইঞ্জিনিয়ারিং রয়েছে। গণিত ও কম্পিউটার সায়েন্সে স্নাতকদের গড় আয় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৭৮৫ ডলার বলে আরেক বিশ্লেষণে উঠে এসেছে।