লস এঞ্জেলেসে চালুর মাত্র পাঁচ মাসের মাথায় মেট্রো ডি লাইনের তিনটি নতুন স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের কাজের জন্য ২৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্টেশনগুলো। এতে উইলশায়ার বুলেভার্ড ধরে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে।
বন্ধ হওয়া স্টেশন তিনটি হলো উইলশায়ার/লা ব্রিয়া, উইলশায়ার/ফেয়ারফ্যাক্স এবং উইলশায়ার/লা সিনেগা। স্টেশনগুলো চলতি বছরের ৮ মে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ডি লাইনের সম্প্রসারণের অংশ হিসেবে নতুন স্টেশনগুলো চালু হওয়ায় মিড-উইলশায়ার, মিরাকল মাইল ও আশপাশের এলাকার সঙ্গে মেট্রো যোগাযোগ আরও সহজ হয়েছিল।
লস এঞ্জেলেস কাউন্টি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে, উইলশায়ার/লা ব্রিয়া স্টেশনে স্থায়ী বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা প্রয়োজন। নিরাপদে এই কাজ সম্পন্ন করতে স্টেশনটির বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এ কারণে কাছাকাছি তিনটি স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত অস্থায়ী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেই মে মাসে স্টেশনগুলো চালু করা হয়েছিল। স্থায়ী সরঞ্জাম স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহে বেশি সময় লাগায় শুরুতেই পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের ভাষ্য, সাময়িক ব্যবস্থা নিয়ে স্টেশনগুলো নির্ধারিত সময়ের আগেই চালু করা সম্ভব হয়েছিল। এবার স্থায়ী ব্যবস্থা স্থাপন করে দীর্ঘমেয়াদে সেবার নির্ভরযোগ্যতা বাড়ানো হবে।
বন্ধের সময় ডি লাইনের ট্রেন চলবে ইউনিয়ন স্টেশন থেকে উইলশায়ার/ওয়েস্টার্ন স্টেশন পর্যন্ত। এরপর যাত্রীদের বন্ধ স্টেশনগুলোতে পৌঁছাতে বিশেষ শাটল বাস ব্যবহার করতে হবে। ৮৫৫ নম্বরের এই বাস প্রতি ১০ মিনিট পরপর চলবে। পাশাপাশি উইলশায়ার বুলেভার্ড ধরে মেট্রো বাসের ২০ ও ৭২০ নম্বর রুট স্বাভাবিকভাবে চালু থাকবে।
এই পরিবর্তনের কারণে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং মিরাকল মাইল এলাকার জাদুঘর ও অন্যান্য দর্শনীয় স্থানে যেতে আগ্রহীদের যাত্রায় অতিরিক্ত সময় লাগতে পারে। তাই যাত্রীদের আগে থেকে যাত্রাপথ পরিকল্পনা করা এবং প্রয়োজন হলে বিকল্প বাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সময়টিতে কর্তৃপক্ষ ডি লাইনের পরবর্তী সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় কিছু ব্যবস্থার কাজও সম্পন্ন করবে। পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে লাইনটি বেভারলি হিলস ও সেঞ্চুরি সিটির দিকে সম্প্রসারিত হবে।
স্টেশনগুলো ২ নভেম্বর ভোর ৪টায় আবার চালু হওয়ার কথা। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য মেট্রোর অ্যাপ ও পরিষেবা-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।