ক্যালিফোর্নিয়ায় ভোটার নিবন্ধন ও ভোটদানের ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ এবং পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রস্তাব ৩৯ প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। মঙ্গলবারের নির্বাচনে প্রস্তাবটি পাস না হওয়ায় ভোটারদের জন্য নতুন এসব শর্ত কার্যকর হচ্ছে না।
প্রস্তাবটি পাস হলে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ দিতে হতো। একই সঙ্গে ভোটকেন্দ্রে সরাসরি ভোট দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হতো।
ডাকযোগে ব্যালট পাঠানোর ক্ষেত্রেও নতুন নিয়ম চালুর কথা ছিল। সে ক্ষেত্রে ভোটারদের সরকারি পরিচয়পত্রের নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হতো। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নম্বরও অন্তর্ভুক্ত ছিল।
বর্তমানে ক্যালিফোর্নিয়ার আইনে ভোটার নিবন্ধনের সময় পরিচয় যাচাইয়ের শর্ত রয়েছে। তবে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়া কিংবা ভোট দেওয়ার সময় পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা নেই।
ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেটের কার্যালয় এপ্রিলে প্রস্তাবটির পক্ষে ১০ লাখের বেশি স্বাক্ষর জমা পড়ার বিষয়টি নিশ্চিত করার পর এটি নির্বাচনী ব্যালটে অন্তর্ভুক্ত হয়।
প্রস্তাবটির সমর্থকদের দাবি ছিল, ভোটার পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে নির্বাচনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়ানো সম্ভব হবে।
অন্যদিকে, বিরোধীরা প্রস্তাবটিকে ভোটারদের ভোটাধিকার সীমিত করার উদ্যোগ হিসেবে দেখেছেন। তাঁদের মতে, নতুন এসব শর্ত সাধারণ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধা তৈরি করতে পারে।
প্রস্তাব ৩৯ পাস না হওয়ায় ক্যালিফোর্নিয়ায় ভোটার নিবন্ধন ও ভোটদানের বিদ্যমান নিয়মই বহাল থাকছে।