লস এঞ্জেলেসে হ্যালোউইনের রাতে পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই সন্তানের মা ক্রিস্টিন পুলোস। ৩২ বছর বয়সী এই নারীর মৃ ত্যুর ঘটনায় পুলিশের কাছে জবাব ও জবাবদিহি দাবি করছে তাঁর পরিবার।
গত ৩১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান ফার্নান্দো ভ্যালির উডম্যান অ্যাভিনিউ ও বেসেমার স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) নর্থ হলিউড বিভাগের এক কর্মকর্তা শেরম্যান ওকস এলাকায় একটি হ্যালোউইন পার্টিতে গোলাগুলির খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ির ধাক্কায় ক্রিস্টিন পুলোস গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁকে মৃ ত ঘোষণা করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশের দাবি, ওই কর্মকর্তা জরুরি বাতি ও সাইরেন চালু রেখেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় ক্রিস্টিন নির্ধারিত ক্রসওয়াকের বাইরে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তবে গাড়ির গতি কত ছিল, সড়কের ভেজা অবস্থা দুর্ঘটনায় ভূমিকা রেখেছিল কি না, কিংবা কর্মকর্তার কোনো ভুল ছিল কি না—এসব বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
ক্রিস্টিনের পরিবার বলছে, হ্যালোউইনের রাতে শিশুরা বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি সংগ্রহ করে। এ সময় অনেকেই সড়কে চলাচল করে। তাই এমন পরিস্থিতিতে জরুরি সাড়ায় যাওয়ার সময় চালকের আরও সতর্ক থাকা উচিত ছিল। পরিবারের প্রশ্ন, বৃষ্টির মধ্যে ওই কর্মকর্তা নিরাপদ গতিতে গাড়ি চালাচ্ছিলেন কি না।
ঘটনার সময় ওই পার্টিতে প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে কোনো আগ্নেয়াস্ত্র কিংবা গোলাগুলিতে আহত কাউকে খুঁজে পায়নি বলে ক্রিস্টিনের মা জানিয়েছেন।
পরিবারের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ক্রিস্টিনের ১২ বছর বয়সী মেয়ে। মাকে হারানোর পর সে মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
পরিবারের সদস্যরা বলছেন, দুর্ঘটনার নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশের বিষয়ে তাঁদের জানানো হয়েছে। চলতি মাসের শেষ দিকে সেই ভিডিও প্রকাশ করা হতে পারে। তাঁরা ফুটেজটি দেখতে চান এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চান।
এলএপিডির মাল্টিডিসিপ্লিনারি কলিশন ইনভেস্টিগেশন টিম ঘটনাটি তদন্ত করছে। তবে তদন্তের স্বার্থে এখনো গাড়ির গতি কিংবা কর্মকর্তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ক্রিস্টিনের শেষকৃত্য ও দাফনের খরচ জোগাতে পরিবারের পক্ষ থেকে একটি গোফান্ডমি তহবিলও খোলা হয়েছে। একই সঙ্গে তাঁরা ঘটনার পূর্ণ তদন্ত, স্বচ্ছ তথ্য প্রকাশ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।