অরেঞ্জ কাউন্টিতে ব্যাংক হিসাবের তথ্য ও পরিচয় চুরি করে ৯০ হাজার ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ব্যাংকের নজরদারি ক্যামেরায় ওই ব্যক্তিকে একাধিক হিসাব থেকে বড় অঙ্কের নগদ টাকা তুলতে দেখা গেছে।
ইরভাইন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, এক ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য ও পরিচয়সংক্রান্ত নথি চুরি করে সেগুলো ব্যবহার করেছেন সন্দেহভাজন ব্যক্তি। ব্যাংকের নজরদারি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে তাঁকে চুরি করা পরিচয় ও হিসাবের তথ্য ব্যবহার করে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ তুলতে দেখা গেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, শুধু ব্যাংক থেকে টাকা তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না ওই ব্যক্তি। ভুক্তভোগীর পরিচয় ব্যবহার করে তিনি একাধিক ক্রেডিট কার্ড হিসাবও খুলেছিলেন। পরে সেসব কার্ড ব্যবহার করে বেশ কয়েকটি বড় অঙ্কের লেনদেন করেন।
ইরভাইন পুলিশ বিভাগের তদন্তকারীদের হিসাবে, এই জালিয়াতির ঘটনায় মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৯০ হাজার ডলারের বেশি। তবে ভুক্তভোগীর পরিচয়, চুরি হওয়া অর্থের সুনির্দিষ্ট পরিমাণ কিংবা সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ এখন নজরদারি ক্যামেরায় দেখা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে। সন্দেহভাজনকে চেনেন কিংবা এই ঘটনা সম্পর্কে কোনো তথ্য জানেন—এমন ব্যক্তিদের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে তথ্য থাকলে ইরভাইন পুলিশ বিভাগের তদন্ত কর্মকর্তা নিনা বারবিগলিয়ার সঙ্গে ৯৪৯-৭২৪-৭১৩৬ নম্বরে ফোনে যোগাযোগ করা যাবে। এ ছাড়া nbergbiglia@cityofirvine.org ঠিকানায় ইমেইল করেও তথ্য জানানো যাবে।