লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (এলএএক্স) উড্ডয়নের পর মাঝআকাশে সংঘর্ষের খুব কাছাকাছি চলে এসেছিল এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ। একটি উড়োজাহাজ নির্ধারিত পথ থেকে সরে গিয়ে অন্যটির উড্ডয়নপথে ঢুকে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাটি ঘটে শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লস এঞ্জেলেস থেকে তাহিতির পাপেতে যাওয়ার পথে এয়ার ফ্রান্সের ফ্লাইট ২৮-এর পাইলটরা নির্ধারিত পথ থেকে সরে গিয়ে সমান্তরাল রানওয়ে থেকে উড্ডয়ন করা আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের গতিপথে চলে যান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একপর্যায়ে উড়োজাহাজ দুটির মধ্যে উল্লম্ব দূরত্ব কমে প্রায় ৪০০ ফুটে নেমে এসেছিল। পরিস্থিতি বুঝতে পেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা দ্রুত নির্দেশনা দেন এবং উড়োজাহাজ দুটিকে আলাদা পথে পরিচালিত করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের অডিওতে শোনা যায়, একজন নিয়ন্ত্রক এয়ার ফ্রান্সের পাইলটদের অবিলম্বে ২৭০ ডিগ্রি দিক অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন। একই সময়ে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজের পাইলটদের সতর্ক করে বলা হয়, তাঁদের সামনে ১২টার দিক থেকে এক মাইলেরও কম দূরত্বে আরেকটি উড়োজাহাজ রয়েছে এবং ২ হাজার ফুট উচ্চতা বজায় রাখতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরও এয়ার ফ্রান্সের পাইলটদের কাছে বারবার জানতে চান নিয়ন্ত্রকরা, কেন তাঁরা নির্ধারিত উড্ডয়নপথ থেকে সরে গিয়েছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রক বলেন, তাঁদের উড্ডয়নের পর নির্ধারিত স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ডিপারচার (এসআইডি) অনুসরণ করে ওপরে ওঠার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা কেন অন্যদিকে মোড় নিয়েছেন। এসআইডি হলো বিমানবন্দর থেকে নিরাপদে বের হওয়ার জন্য নির্ধারিত ও প্রকাশিত উড্ডয়নপথ। উড়োজাহাজের কম্পিউটারে এই পথের তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকে। পাইলটরা ম্যানুয়ালি অথবা অটোপাইলটের সাহায্যে নির্ধারিত পথ অনুসরণ করেন। নিয়ন্ত্রক আবারও জানতে চান, কেন পাইলটরা নির্ধারিত পথ অনুসরণ না করে অন্যদিকে মোড় নিয়েছেন। জবাবে এয়ার ফ্রান্সের একজন পাইলট জানান, তাঁদের ‘সামার টু’ ডিপারচার পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর নিয়ন্ত্রক সম্ভাব্য পাইলট-নির্দেশনা লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য পরে তাঁদের একটি ফোন নম্বর দেওয়া হবে। সাধারণত এ ধরনের নির্দেশের অর্থ হলো, সংশ্লিষ্ট পাইলটদের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার ব্যাখ্যা দিতে হবে। বিপদ কেটে যাওয়ার পর আমেরিকান এয়ারলাইনসের পাইলটদের উদ্দেশে নিয়ন্ত্রক বলেন, দুঃখিত, ওই উড়োজাহাজটি আপনাদের সামনে দিয়ে মোড় নিয়েছিল। উড়োজাহাজ দুটিতে সব মিলিয়ে প্রায় ৫০০ যাত্রী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে উভয় উড়োজাহাজই শেষ পর্যন্ত নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে এফএএ। এয়ার ফ্রান্সের পাইলটরা নির্ধারিত নির্দেশনা অমান্য করেছিলেন কি না এবং এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এভিয়েশন খাতে ৪০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ক্যাপ্টেন রিচার্ড লেভি ঘটনাটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। ফ্লাইট ইনস্ট্রাক্টর, বাণিজ্যিক এয়ারলাইনসের পাইলট এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আন্তর্জাতিক পাইলট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কেটিএলএকে দেওয়া সাক্ষাৎকারে লেভি বলেন, বড় কোনো এয়ারলাইনসে ৪১ বছর কাজ করেও ভুল উড্ডয়নপথ অনুসরণের এমন ঘটনা তিনি আগে শোনেননি। তাঁর মতে, পাইলটের ভুল অথবা উড়োজাহাজের কম্পিউটারে ভুল উড্ডয়নপথ প্রোগ্রাম করার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। লেভি আরও বলেন, উড়োজাহাজের ককপিটে সাধারণত ট্রাফিক কোলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম (টিসিএএস) থাকে। আশপাশে অন্য কোনো উড়োজাহাজ বিপজ্জনকভাবে কাছে চলে এলে এই ব্যবস্থা পাইলটদের সতর্ক করে। প্রয়োজন হলে উড়োজাহাজকে ওপরে উঠতে বা নিচে নামতে নির্দেশনাও দেয়। এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এয়ার ফ্রান্সের ফ্লাইট ২৮-এর ক্রুরা অনুমোদনহীনভাবে মোড় নিয়ে অন্য একটি উড়োজাহাজের গতিপথে চলে গিয়েছিলেন। ওই উড়োজাহাজটি সমান্তরাল রানওয়ে থেকে উড্ডয়ন করেছিল। পরিস্থিতি মোকাবিলায় এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে এয়ার ফ্রান্সের উড়োজাহাজকে সংশোধনী নির্দেশনা দেয়। অন্যদিকে এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র জানিয়েছেন, ৭ নভেম্বর লস এঞ্জেলেস থেকে তাহিতির উদ্দেশে ছেড়ে যাওয়া এএফ০২৮ ফ্লাইটের ক্রুরা উড্ডয়নের কিছুক্ষণ পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে উড়োজাহাজের গতিপথ পরিবর্তনের নির্দেশনা পান। ক্রুরা সঙ্গে সঙ্গেই নির্দেশনা অনুসরণ করেন এবং এরপর স্বাভাবিকভাবে যাত্রা অব্যাহত রাখেন। এয়ারলাইনসটির তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি তাহিতির পাপেতে বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে।