লস এঞ্জেলেস

পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ায় বৈধভাবে বিক্রি হওয়া গাঁজাজাত পণ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্যের নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত পরীক্ষায় অনেক পণ্য নিরাপদ বলে বিবেচিত হলেও নতুন পরীক্ষায় এমন কিছু বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যেগুলো শনাক্ত করার ব্যবস্থা রাজ্যের নিয়মিত পরীক্ষায় নেই। একই সঙ্গে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের অভিযোগে অভিযুক্ত কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দীর্ঘ সময় নিচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি ৪৯টি গাঁজাজাত পণ্যের নমুনা পরীক্ষা করে এই চিত্র পাওয়া গেছে। নমুনাগুলোর মধ্যে ছিল গাঁজার ফুল, প্রি-রোল এবং ভ্যাপ পণ্য। তিনটি লাইসেন্সধারী পরীক্ষাগারে মোট ৩৭৬ ধরনের কীটনাশক শনাক্তের পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, বড় কয়েকটি ব্র্যান্ডের পণ্যে আগের তুলনায় উন্নতি হয়েছে। তবে প্রায় এক-চতুর্থাংশ নমুনায় এমন রাসায়নিক পাওয়া গেছে, যা আগের পরীক্ষায় শনাক্ত হয়নি। একটি নমুনায় ইট্রিডিয়াজল নামের ছত্রাকনাশক পাওয়া গেছে। রাসায়নিকটি সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী হিসেবে বিবেচিত। নমুনাটিতে এর পরিমাণ এত বেশি ছিল যে, যুক্তরাষ্ট্রের ফেডারেল তামাকজাত পণ্যের নিরাপত্তা পরীক্ষায় ব্যবহৃত সীমার তুলনায় তা ১২৫ গুণ বেশি। পরীক্ষায় পিমেট্রোজিন নামের কীটনাশকের উপস্থিতিও পাওয়া গেছে। একই উৎপাদনকারীর তিনটি ব্র্যান্ডের পাঁচটি পণ্যে উল্লেখযোগ্য পরিমাণে এই রাসায়নিক শনাক্ত হয়েছে। রাজ্যের নির্ধারিত পরীক্ষার তালিকায় পিমেট্রোজিন যুক্ত হবে ২০২৮ সালের এপ্রিলে। অর্থাৎ এখন শনাক্ত হওয়া এই রাসায়নিকের বিরুদ্ধে রাজ্যের নিয়মিত পরীক্ষাব্যবস্থা কার্যকর হতে আরও সময় লাগবে। ক্যালিফোর্নিয়ার ক্যানাবিস নিয়ন্ত্রণ বিভাগ বর্তমানে ৬৬ ধরনের কীটনাশক পরীক্ষা করে। ২০২৮ সালে তালিকায় আরও ১৪টি রাসায়নিক যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কিন্তু রাজ্যের নিয়ন্ত্রক সংস্থাই স্বীকার করেছে, সম্ভাব্য হাজার হাজার রাসায়নিকের সবগুলো পরীক্ষা করা সম্ভব নয়। নতুন বা অপরিচিত কিছু রাসায়নিক শনাক্ত করার পরীক্ষাপদ্ধতিও এখনো তৈরি হয়নি। নিয়ন্ত্রণ ব্যবস্থার আরেকটি বড় দুর্বলতা হলো ব্যবস্থা নিতে বিলম্ব। পরীক্ষার ফল পেতে সাধারণত তিন থেকে পাঁচ মাস সময় লাগছে। ২০২৪ সালের অনুসন্ধানে দূষিত পণ্য শনাক্ত হওয়ার পর রাজ্য ২৬৬টি পণ্য বাজার থেকে সরিয়েছিল। কিন্তু এরপরও কীটনাশক ব্যবহারের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারেনি কর্তৃপক্ষ। কিছু প্রতিষ্ঠান পরিদর্শনে নিষিদ্ধ রাসায়নিক পাওয়ার পরও দীর্ঘ সময় ব্যবসা চালিয়ে গেছে। এদিকে ক্যালিফোর্নিয়ার বৈধ গাঁজার বাজারের আকার প্রায় ৫৫০ কোটি ডলার। রাজ্যে ২ হাজার ৫০০টির বেশি লাইসেন্সধারী উৎপাদনকারী রয়েছে। উচ্চ কর, কম মুনাফা এবং পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ মোকাবিলার খরচের কারণে কিছু উৎপাদক নিষিদ্ধ বা পরীক্ষার তালিকার বাইরে থাকা রাসায়নিক ব্যবহারের দিকে ঝুঁকছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে পরিস্থিতির কিছু উন্নতিও হয়েছে। আগের পরীক্ষায় দূষিত পাওয়া কয়েকটি বড় ব্র্যান্ডের সাম্প্রতিক নমুনায় উল্লেখযোগ্য পরিমাণে কীটনাশক পাওয়া যায়নি। কিছু প্রতিষ্ঠান নিজেদের মান নিয়ন্ত্রণ বাড়িয়েছে। পাশাপাশি ৩০টির বেশি ব্র্যান্ড নিয়ে গঠিত একটি বেসরকারি উদ্যোগ এখন ১৪০ ধরনের কীটনাশক পরীক্ষা ও আকস্মিক নমুনা যাচাই করছে। ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারাও নতুন পদক্ষেপ নিয়েছেন। গত আগস্টে পাস হওয়া একটি আইনে খুচরা বিক্রেতাদের পণ্যের নিরাপত্তা সনদ গ্রাহকদের দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে। পরীক্ষাগারগুলোর কার্যক্রম যাচাই করার ক্ষমতাও নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসম সেপ্টেম্বরে আইনটিতে স্বাক্ষর করেন। তবে নতুন আইন ও শিল্পখাতের উদ্যোগের পরও রাজ্যের নজরদারি ব্যবস্থার সীমাবদ্ধতা কাটেনি। ফলে বৈধ বাজার থেকে কেনা পণ্য কতটা নিরাপদ, তা নিয়ে ভোক্তাদের উদ্বেগ রয়ে গেছে।