লস এঞ্জেলেসের অভিজাত আবাসিক এলাকাগুলোতে সম্পদের নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। একসময় যেসব এলাকায় কয়েক মিলিয়ন ডলারের বাড়ি ছিল আভিজাত্যের প্রতীক, সেসব বাড়ি এখন ভেঙে তৈরি করা হচ্ছে আরও বড় ও বিলাসবহুল প্রাসাদ। নতুন প্রযুক্তি উদ্যোক্তা, বিলিয়নিয়ার এবং আন্তর্জাতিক ধনকুবেরদের চাহিদা মেটাতে আবাসন ব্যবসায়ীরা পুরোনো বাড়ির জায়গায় নির্মাণ করছেন কয়েক কোটি ডলারের বিশাল স্থাপনা। ফলে এসব এলাকায় আগে থেকে বসবাস করা ধনীরাও নতুন এক ধরনের সম্পদকেন্দ্রিক পরিবর্তনের মুখে পড়ছেন।
লস এঞ্জেলেসের বেভারলি হিলসের ১৩৬০ লরেল ওয়ে ঠিকানার একটি বাড়ি এই পরিবর্তনের উল্লেখযোগ্য উদাহরণ। প্রায় অর্ধশতাব্দী ধরে সেখানে ছিল একতলা, তিন শয়নকক্ষের একটি সাধারণ বাড়ি ও ছোট বাগান। ২০২৩ সালে বাড়িটি ভেঙে তৈরি করা হয় তিনতলা বিশাল প্রাসাদ। প্রায় ১৯ হাজার বর্গফুটের এই বাড়িতে রয়েছে কৃত্রিম জলপ্রপাত, ২০টি গাড়ি রাখার গ্যারেজ, ছাদের ওপর পিকলবল খেলার কোর্ট এবং পরিখার মতো জলাধার। বর্তমানে বাড়িটির বিক্রয়মূল্য চাওয়া হচ্ছে ৫ কোটি ৩০ লাখ ডলার।
এর কাছাকাছি আরেকটি একতলা, পাঁচ শয়নকক্ষের বাড়িও ভেঙে তৈরি করা হয়েছে বিশাল স্থাপনা। এতে রয়েছে স্পা ও ব্যক্তিগত সিনেমা হল। ৮০ লাখ ডলারের কম দামে জমিটি কিনেছিলেন নির্মাতা। পরে নতুন বাড়িটি বিক্রি হয়েছে ৩ কোটি ২০ লাখ ডলারে।
আবাসন বাজারের সামগ্রিক গতি কিছুটা কমলেও লস এঞ্জেলেসের কয়েকটি অভিজাত এলাকায় পরিস্থিতি ভিন্ন। সেখানে আগে থেকেই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি থাকলেও সেগুলো ভেঙে আরও ব্যয়বহুল বাড়ি নির্মাণ করাকে লাভজনক মনে করছেন আবাসন ব্যবসায়ীরা।
লস এঞ্জেলেস কাউন্টির তথ্য এবং অলাভজনক তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠান ক্রসটাউন এলএর সংকলিত উপাত্ত অনুযায়ী, এক দশক আগে লস এঞ্জেলেসের ওয়েস্টসাইডের সাতটি এলাকায় ২ কোটি ৫০ লাখ ডলারের বেশি মূল্যমানের বাড়ি ছিল মাত্র ৫৯টি। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩০০ ছাড়িয়েছে। এই বৃদ্ধি শুধু বাড়ির দাম বেড়ে যাওয়ার কারণে নয়; অনেক ক্ষেত্রে পুরোনো বাড়ি ভেঙে নতুন বিশাল স্থাপনা নির্মাণের ফলেও সম্পত্তির মূল্য বেড়েছে।
এদিকে, ক্যালিফোর্নিয়া থেকে কিছু অতি ধনী ব্যক্তি চলে যাওয়ার পরও অন্য বিলিয়নিয়াররা সেখানে বিলাসবহুল বাড়ি কিনছেন। ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য বিলিয়নিয়ার কর নিয়ে উদ্বেগের মধ্যেও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বেভারলি হিলসে ১৬ কোটি ৫০ লাখ ডলারের বাড়ি কিনেছেন। গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিট হলম্বি হিলসে ১১ কোটি ডলারের বাড়ি কিনেছেন। কয়েনবেসের প্রধান নির্বাহী ব্রায়ান আর্মস্ট্রং বেল-এয়ারে কিনেছেন ১৩ কোটি ৩০ লাখ ডলারের সম্পত্তি।
আবাসন উন্নয়নকারী রামতিন রে নোসরাতির মতে, অভিজাত এলাকায় জমির পরিমাণ সীমিত হলেও বিলাসবহুল বাড়ির চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তাঁর ভাষায়, নতুন করে বিপুলসংখ্যক কোটিপতি ও বিলিয়নিয়ার তৈরি হচ্ছে। আগে এসব বাড়ির ক্রেতা হিসেবে পরিচিত অভিনেতা, তারকা কিংবা খ্যাতিমান ব্যক্তিদের দেখা গেলেও এখন প্রযুক্তি খাতের নতুন ধনী এবং বিভিন্ন দেশের সম্পদশালী পরিবারগুলো ক্রেতা হিসেবে এগিয়ে আসছে।
এই প্রবণতাকে অনেকে ‘মেনশনাইজেশন’ বা বাড়িকে অস্বাভাবিক বড় প্রাসাদে রূপান্তরের প্রবণতা বলছেন। অন্যদিকে, নির্মাতারা একে বলছেন ‘স্পেক রিডেভেলপমেন্ট’। অর্থাৎ, সম্ভাব্য ক্রেতা নিশ্চিত না করেই কোনো সম্পত্তি কিনে পুরোনো বাড়ি ভেঙে নতুন বিলাসবহুল বাড়ি তৈরি করা এবং পরে বেশি দামে বিক্রি করা।
এই ধরনের প্রকল্পে নির্মাতারা অনেক সময় খালি জমি কেনার পরিবর্তে আগে থেকে বাড়ি রয়েছে এমন সম্পত্তি বেছে নেন। কারণ, পুরোনো বাড়ির জায়গায় নতুন স্থাপনা নির্মাণ করলে অনুমোদন পেতে তুলনামূলক কম সময় লাগে। সেখানে আগে থেকেই জোনিং অনুমোদন, পরিবেশগত জরিপ এবং পানি-বিদ্যুতের সংযোগ থাকে। ফলে নতুন জমিতে প্রথমবার নির্মাণের অনুমতি নেওয়ার তুলনায় ঝুঁকি ও ব্যয় কম হতে পারে।
নুয়েভো গ্রুপের প্রধান নির্বাহী উদি মেলামেড বলেন, খালি জমিতে নির্মাণের অনুমোদন পেতে বেশি সময় লাগে। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেখানে প্রথমবারের মতো পুরো প্রকল্প পর্যালোচনা করতে হয়। আগে থেকে বাড়ি থাকা জমিতে সেই প্রক্রিয়া তুলনামূলক সহজ।
বেভারলি হিলস, ব্রেন্টউড ও হলম্বি হিলসের মতো এলাকায় এখন অনেক নির্মাতা সম্ভাব্য ক্রেতা পাওয়ার আগেই বাড়ি তৈরির ঝুঁকি নিচ্ছেন। বিলাসবহুল সম্পত্তি বিক্রিতে নিয়োজিত রিয়েলটর ডেভিড ইয়াদেগারানের ধারণা, তাঁর কাজের এলাকার অভিজাত আবাসন প্রকল্পের প্রায় তিন-চতুর্থাংশই এ ধরনের নির্মাতাদের মাধ্যমে হচ্ছে।
তবে এই ব্যবসায় সব সময় লাভ হয় না। এর বড় উদাহরণ বেল-এয়ারের একটি বিশাল বাড়ি। এক নির্মাতা ৩ দশমিক ৮ একর জমির সম্পত্তিটি ২ কোটি ৮০ লাখ ডলারে কিনে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি তৈরির পরিকল্পনা করেন। সেখানে থাকা মধ্য-শতাব্দীর পুরোনো বাড়িটি ভেঙে নতুন প্রকল্পে ১০ কোটি ডলারের বেশি ঋণ নিয়ে বিনিয়োগ করেন। বাড়িটি ৫০ কোটি ডলারে বিক্রির লক্ষ্য ছিল। কিন্তু ক্রেতা না পাওয়ায় এবং ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে দেউলিয়া নিলামে বাড়িটি মাত্র ১২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়।
অন্যদিকে, এসব বিশাল বাড়ির কারণে প্রতিবেশীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। অনেকের অভিযোগ, নতুন স্থাপনাগুলো আশপাশের বাড়ির ওপর ছায়া ফেলছে, রাস্তার ওপর চাপ বাড়াচ্ছে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ বদলে দিচ্ছে।
বেভারলি গ্রোভ নেবারহুড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য শেলি ওয়েজার্স জানিয়েছেন, বড় নির্মাণ প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতি এবং এলাকার সড়কে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রতিবেশীদের ওপর নতুন স্থাপনাগুলোর প্রভাব কমাতে সংগঠনটি গত কয়েক দশকে নির্মাণসংক্রান্ত নিয়ম একাধিকবার সংশোধন করেছে।
এ ছাড়া পুরোনো বাড়ি ভেঙে ফেলার কারণে লস এঞ্জেলেসের স্থাপত্য ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শনও হারিয়ে যাচ্ছে। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কাজ করা সংগঠনগুলোর অভিযোগ, বড় নির্মাতাদের আর্থিক ক্ষমতার সঙ্গে পাল্লা দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
কিছু এলাকায় নতুন নির্মাণের আকার নিয়ন্ত্রণে বিধিনিষেধ রয়েছে। কিন্তু নির্মাতারা অনেক সময় এসব নিয়মের ফাঁকফোকর ব্যবহার করে বড় প্রকল্প বাস্তবায়ন করছেন। অন্যদিকে, বাড়ির দাম বাড়ার কারণে স্থানীয় অনেক বাসিন্দা এসব নির্মাণের বিরুদ্ধে জোরালো অবস্থান নিচ্ছেন না।
ঐতিহাসিক সংরক্ষণ অঞ্চল হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে কয়েকটি আবাসিক এলাকা। তবে এ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। এমনকি স্বীকৃতি পেলেও সব ক্ষেত্রে নতুন নির্মাণ ঠেকানো সম্ভব হয় না বলে জানিয়েছেন এলএ কনজারভেন্সির অ্যাডভোকেসি পরিচালক অ্যান্ড্রু সালিমিয়ান।
এই পরিবর্তনের আরেকটি উদাহরণ হলিউড হিলসের ১৮৯৮ রাইজিং গ্লেন রোডের একটি বাড়ি। ১৯৫০-এর দশকে নির্মিত ৪ হাজার ৫২৯ বর্গফুটের পুরোনো বাড়িটিকে সম্প্রসারণ করে তৈরি করা হয়েছে ২৩ হাজার বর্গফুটের বিশাল স্থাপনা। আটটি শয়নকক্ষ ও ১৮টি বাথরুমের এই বাড়িটি ২০২৪ সালে ৬ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়।
বেল-এয়ারের ১০৭২১ স্ট্রাডেলা কোর্টের বাড়িটিও একই প্রবণতার উদাহরণ। ২০২০ সাল পর্যন্ত সেখানে ছিল চার শয়নকক্ষ ও চার বাথরুমের একটি বাড়ি। ৫৮ লাখ ডলারে কেনার পর সেটিকে ভেঙে তৈরি করা হয় ২১ হাজার বর্গফুটের বিশাল আবাসিক স্থাপনা। এতে রয়েছে নয়টি শয়নকক্ষ, ১১টি বাথরুম, কর্মীদের থাকার জন্য তিনটি পৃথক ব্যবস্থা এবং চারটি রান্নাঘর। ২০২৪ সালে বাড়িটি ১১ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়।
উচ্চ সুদের হার ও বাড়ির অতিরিক্ত দামের কারণে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় আবাসন কেনাবেচা স্থবির হয়ে পড়লেও লস এঞ্জেলেসের অতি ধনীদের বাজারে তার প্রভাব তুলনামূলক কম। কারণ, এসব সম্পত্তির অনেক ক্রেতাই ব্যাংকঋণের ওপর নির্ভর করেন না। সোথেবিসের রিয়েলটর ইডেন বারকোর মতে, অনেক সময় বাড়ি বিক্রির খবর প্রকাশ হওয়ার পরই নগদ অর্থ নিয়ে নির্মাতারা সেখানে হাজির হন। ঋণ, পরিদর্শন কিংবা অন্যান্য শর্ত ছাড়াই সম্পত্তি কেনার চেষ্টা করেন তাঁরা।
সব মিলিয়ে লস এঞ্জেলেসের অভিজাত আবাসিক এলাকাগুলোতে এখন সম্পদের নতুন প্রতিযোগিতা চলছে। পুরোনো ধনী পরিবারগুলোর বাড়ি ভেঙে আরও বড় প্রাসাদ তৈরি হচ্ছে নতুন বিলিয়নিয়ারদের জন্য। এতে বাড়ির বাজারমূল্য বাড়লেও বদলে যাচ্ছে এলাকার স্থাপত্য, পরিবেশ ও দীর্ঘদিনের আবাসিক বৈশিষ্ট্য। বিশেষজ্ঞ ও সংরক্ষণবাদীদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে লস এঞ্জেলেসের ঐতিহাসিক বাড়ি ও পুরোনো পাড়ার স্বতন্ত্র চরিত্র আরও বেশি হারিয়ে যেতে পারে।