লস এঞ্জেলেস

মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ভারী বৃষ্টিতে বাড়ছে আকস্মিক বন্যার আশঙ্কা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহে মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি ও দমকা বাতাসের পর বুধবারের দিকে আরও শক্তিশালী একটি নিম্নচাপ অঞ্চলটিতে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে ভারী বৃষ্টি, বজ্রঝড়, শক্তিশালী বাতাস এবং কিছু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। জাতীয় আবহাওয়া বিভাগের লস এঞ্জেলেস ও অক্সনার্ড কার্যালয় জানিয়েছে, সপ্তাহজুড়ে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে সপ্তাহের মাঝামাঝি আসা ঝড়টিতে উল্লেখযোগ্য প্রভাব ও বন্যার আশঙ্কা রয়েছে। তবে ঝড়টির গতিপথ, তীব্রতা এবং ঠিক কোন এলাকায় কতটা বৃষ্টি হবে, তা নিয়ে পূর্বাভাসে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রথম দফার ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বিচ্ছিন্ন বজ্রঝড় বয়ে আনতে পারে। এরপর বুধবারের দিকে আবহাওয়ায় সাময়িক বিরতি থাকলেও পরবর্তী শক্তিশালী ঝড়ের প্রস্তুতি নিতে হবে বাসিন্দাদের। জাতীয় আবহাওয়া বিভাগের সান ডিয়েগো কার্যালয়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের ঝড়টি আগের দফার তুলনায় বেশি বৃষ্টি ও শক্তিশালী বাতাস নিয়ে আসতে পারে।   প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবারের ঝড়ে সান ডিয়েগো এলাকায় প্রায় আধা ইঞ্চি, অরেঞ্জ কাউন্টিতে এক ইঞ্চি এবং সান বার্নার্ডিনো পর্বত এলাকায় আড়াই ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাই ডেজার্ট এলাকায় এক-তৃতীয়াংশ থেকে আধা ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু মরুভূমি অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। ঝড়ের সঙ্গে বাতাসের গতিও বাড়বে। পাহাড় ও মরুভূমির কিছু এলাকায় বাতাসের ঝাপটার গতি ঘণ্টায় ৬০ মাইল ছাড়াতে পারে। অন্যান্য পাহাড়ি ও মরুভূমি এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ মাইল এবং উপকূল ও উপত্যকায় ২৫ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে উপকূলীয় এলাকাগুলোতেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। বড় ঢেউ, শক্তিশালী সমুদ্রস্রোত এবং উঁচু জোয়ারের কারণে সৈকতে ঝুঁকি বাড়ছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমমুখী সৈকতে ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ৮ ফুট হতে পারে, কোথাও কোথাও তা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। বৃহস্পতিবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত সমুদ্রের পরিস্থিতি আবারও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী কয়েক দিনে ঝড়ের গতিপথ ও বৃষ্টির পরিমাণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আপাতত বাসিন্দাদের আবহাওয়ার হালনাগাদ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করতে বলা হচ্ছে। বিশেষ করে নিচু এলাকা, পাহাড়ি ঢাল এবং আগে দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের বৃষ্টির সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।