এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় ঝুঁকি বাড়ছে। আগামী সপ্তাহে অস্বাভাবিক উচ্চ জোয়ার, প্রবল সামুদ্রিক ঢেউ এবং ভারী বৃষ্টি একসঙ্গে দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব পরিস্থিতি একই সময়ে তৈরি হলে উপকূলীয় এলাকায় বন্যা, ভূমিক্ষয় ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি বাড়তে পারে।
আগামী রোববার থেকে শুরু হয়ে ‘ব্ল্যাক ফ্রাইডে’ পর্যন্ত অস্বাভাবিক উচ্চ জোয়ার বা ‘কিং টাইড’ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সময়ে বড় ঢেউ ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ কতটা হতে পারে, তা এখনো নিশ্চিত নয়। আবহাওয়াবিদদের মতে, পরিস্থিতি শুষ্কও থাকতে পারে।
জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং সপ্তাহে লস এঞ্জেলেস, ভেনচুরা, সান্তা বারবারা ও সান লুইস ওবিসপো কাউন্টিতে সমুদ্রের পানির সর্বোচ্চ উচ্চতা ৮ দশমিক ১ থেকে ৮ দশমিক ৬ ফুটে পৌঁছাতে পারে। প্রবল ঢেউয়ের কারণে পানির উচ্চতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সান ডিয়েগো ও অরেঞ্জ কাউন্টিতেও পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যেতে পারে।
৮ ফুটের বেশি পানির উচ্চতা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন উপকূলীয় স্থানে অতীতের রেকর্ডের কাছাকাছি বা তার ওপরে। গত ২৭ অক্টোবর সান ডিয়েগো বে, সান পেদ্রো, সান্তা বারবারা ও লা জোলায় সর্বোচ্চ পানির উচ্চতার রেকর্ড ভেঙেছিল। ওই সময় হান্টিংটন বিচ, নিউপোর্ট বিচ, রেডন্ডো বিচ, লং বিচ ও সান ডিয়েগোর বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। শুধু হান্টিংটন বিচেই ১১৪টি বাড়ি ও অন্যান্য স্থাপনা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে গত এক মাসে সমুদ্রের গড় পানির উচ্চতা জ্যোতির্বৈজ্ঞানিক জোয়ারের পূর্বাভাসের তুলনায় প্রায় ১৬ ইঞ্চি বেশি ছিল। সমুদ্রের অস্বাভাবিক উষ্ণতা এবং এল নিনোর প্রভাবে সৃষ্ট সমুদ্রের উষ্ণ পানির ঢেউ এর অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, উঁচু সমুদ্রপৃষ্ঠ, শক্তিশালী ঢেউ এবং উচ্চ জোয়ার একসঙ্গে দেখা দিলে উপকূলীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।
১৯৮২-৮৩ সালের এল নিনোর শীতকাল এর একটি উদাহরণ। সে সময় প্রথমে বড় ঢেউ ও ঝড়ে উপকূল দুর্বল হয়ে পড়ে। পরে জানুয়ারির শেষ দিকে উচ্চ জোয়ার ও শক্তিশালী ঝড় একসঙ্গে আঘাত হানে। এতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ উপকূলীয় বন্যা দেখা দেয়। সান্তা মনিকা, সিল বিচ ও সান ডিয়েগোর পিয়ার ক্ষতিগ্রস্ত হয়। মালিবু, ভেনিস, প্লায়া দেল রে ও রেডন্ডো বিচের বাড়িঘরেও পানি ঢুকে পড়ে।
সমুদ্রবিজ্ঞানী রেইনহার্ড ফ্লিকের মতে, ঝড়ের ঢেউ যদি সর্বোচ্চ জোয়ারের সময় আঘাত হানে, তখন বন্যা ও সৈকত ক্ষয়ের ক্ষতি অনেক বেশি হতে পারে। ইউসি সান ডিয়েগোর স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির গবেষক মার্ক মেরিফিল্ডও সতর্ক করেছেন, এল নিনোর কারণে ক্যালিফোর্নিয়ার উপকূল একই সঙ্গে উঁচু ঢেউ, বেশি বৃষ্টি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে।
এদিকে ইউসি অ্যাগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেসের জলবায়ুবিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন আগামী দিনগুলোতে সক্রিয় আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছেন। তাঁর মতে, ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস এবং তীব্র বজ্রঝড় দেখা দিতে পারে। আগামী সপ্তাহের জন্য আবহাওয়ার মডেলগুলোতে একটি শক্তিশালী ঝড়ের ইঙ্গিতও রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, থ্যাংকসগিভিংয়ের পাশাপাশি বড়দিন এবং মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের সময়ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের ঝুঁকি থাকবে। চাঁদের কক্ষপথ ও অবস্থানের দীর্ঘমেয়াদি চক্রের কারণে ওই সময়গুলোতে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। ফলে শীতজুড়ে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকাগুলোকে সতর্ক থাকতে হবে।