ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় একটি বাড়ি থেকে উদ্ধার করা ৩৮টি কুকুরের মধ্যে প্রায় ৩০টির জন্য নতুন পরিবার খুঁজছে স্থানীয় প্রাণীসেবা সংস্থা পাসাডেনা হিউম্যান। কুকুরগুলোকে দত্তক নিতে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত বুধবার কয়েক সপ্তাহের তদন্তের পর পাসাডেনার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কুকুরগুলো উদ্ধার করেন প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা। বাড়িটি থেকে অতিরিক্ত কুকুরের উপস্থিতি ও তাদের ঘেউ ঘেউ নিয়ে প্রতিবেশীদের একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছিল। বাড়ির মালিক প্রথমে কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি না হওয়ায় পরে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়।
পাসাডেনা হিউম্যানের মুখপাত্র কেভিন ম্যাকম্যানাস জানান, বাড়ির ভেতরে এতগুলো কুকুর পাওয়া যাবে বলে কর্মকর্তারা ধারণা করেননি। কুকুরগুলো কখনো কখনো ঘেরা উঠানে রাখা হতো। তবে প্রাথমিক পরীক্ষায় তাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো পাওয়া গেছে। নির্যাতন বা অবহেলার কোনো প্রমাণও মেলেনি। সবচেয়ে বয়স্ক চারটি কুকুরের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। তাদের মধ্যে বয়সজনিত কিছু স্বাস্থ্য সমস্যা দেখা গেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, কুকুরগুলোকে বন্ধ্যাকরণ করা হয়নি। এ কারণে সময়ের সঙ্গে বাড়িতে তাদের সংখ্যা বেড়ে যায়। এটি কোনো বাণিজ্যিক প্রজনন কার্যক্রম ছিল বলে মনে হয়নি। বৃহস্পতিবার রাতে মালিক কুকুরগুলো পাসাডেনা হিউম্যানের কাছে হস্তান্তর করেন। ফলে তদন্তের জন্য আটকে রাখার প্রয়োজন না থাকায় অধিকাংশ কুকুরকে আগেই দত্তক দেওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়েছে।
আশ্রয়কেন্দ্রের কর্মীরা কুকুরগুলোর নাম বিভিন্ন ফলের নামে রেখেছেন। দত্তক দেওয়ার তালিকায় রয়েছে চিহুয়াহুয়া ও চিহুয়াহুয়া মিশ্র প্রজাতির কুকুর এবং বেলজিয়ান ম্যালিনোয়া জাতের কয়েকটি বাচ্চা কুকুর। ‘পিয়ার’ নামের একটি কুকুর শুক্রবার বিকেলের মধ্যেই সাময়িক আশ্রয় পেয়েছে।
বাড়ির মালিক সর্বোচ্চ চারটি কুকুর ফিরিয়ে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। পরিবারের আরেক সদস্য আরও চারটি কুকুর দত্তক নিতে চান। পাসাডেনার স্থানীয় বিধি অনুযায়ী একটি বাড়িতে সর্বোচ্চ চারটি কুকুর রাখা যায়। এই আটটি কুকুরের ক্ষেত্রে মালিকানা ও দত্তক দেওয়ার আগে যাচাই-বাছাই করা হবে।
পাসাডেনা হিউম্যান জানিয়েছে, নতুন বাড়িতে পাঠানোর আগে প্রতিটি কুকুরকে বন্ধ্যাকরণ, টিকা প্রদান এবং মাইক্রোচিপ লাগানো হবে। তবে অনেক কুকুর মানুষের সঙ্গে মেলামেশায় অভ্যস্ত নয়। কেউ কেউ লিশ বা হাঁটার বেল্টে হাঁটতে জানে না, আবার ঘরের ভেতরে থাকার অভিজ্ঞতাও সীমিত। তাই তাদের জন্য ধৈর্যশীল ও সহানুভূতিশীল পরিবার প্রয়োজন। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের সময় দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, পাসাডেনা হিউম্যান প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। ঠিকানা ৩৬১ সাউথ রেমন্ড অ্যাভিনিউ, পাসাডেনা, ক্যালিফোর্নিয়া। আগ্রহীরা সরাসরি আশ্রয়কেন্দ্রে গিয়ে দত্তক নেওয়ার জন্য থাকা কুকুরগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন। দত্তক ও অন্যান্য তথ্য পাওয়া যাবে সংস্থার ওয়েবসাইটেও।
যাঁরা এখনই কুকুর দত্তক নিতে পারবেন না, তাঁরাও আশ্রয়কেন্দ্রের অন্য প্রাণী দত্তক বা সাময়িকভাবে লালন-পালনের মাধ্যমে সাহায্য করতে পারেন। এতে নতুন উদ্ধার হওয়া কুকুরগুলোর জন্য আশ্রয়কেন্দ্রে জায়গা ও প্রয়োজনীয় সম্পদ ব্যবস্থাপনা সহজ হবে। অনুদান দিয়েও চিকিৎসা, খাবার ও পরিচর্যার খরচে সহায়তা করা সম্ভব।