ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একাধিক শিল্পগুদামে অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব গুদাম থেকে প্রায় ২ লাখ ৩৫ হাজার ৬৬১ পাউন্ড (প্রায় ১০৭ টন) গাঁজা জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের হিসাবে, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ২০০ ডলার।
বাট কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, চিকো শহরের কন্ট্রাক্টরস লেনের একাধিক শিল্পগুদামে মঙ্গলবার, ১৭ নভেম্বর অভিযান চালানো হয়। তদন্তকারীদের ধারণা, হেম্প প্রক্রিয়াকরণের আড়ালে সেখানে বিপুল পরিমাণ গাঁজা প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
তদন্তের অংশ হিসেবে বাট কাউন্টি শেরিফের বিশেষ প্রয়োগ ইউনিট চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবস্থাপনা ব্যুরোর (বিএলএম) সঙ্গে কাজ শুরু করে। পরে গুদামগুলোতে তল্লাশির জন্য পরোয়ানা সংগ্রহ করা হয়।
১৭ নভেম্বর শেরিফের গোয়েন্দাদের সঙ্গে অভিযানে অংশ নেন বাট ইন্টারএজেন্সি নারকোটিকস টাস্কফোর্স, বিএলএম এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ক্যানাবিস কন্ট্রোলের কর্মকর্তারা। গুদামগুলোতে ৬২ জনকে পাওয়া যায়। সেখানে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াজাত করা বিপুল পরিমাণ উদ্ভিদজাত উপাদানও উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষের ভাষ্য, পরীক্ষায় নিশ্চিত হয়েছে উদ্ধার করা উপাদান হেম্প নয়, গাঁজা। তদন্তকারীরা জানান, গুদামগুলোতে গাঁজা চাষ ও প্রক্রিয়াকরণের কার্যক্রম চলছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৮৩ বছরের মধ্যে। তাঁদের সবাইকে ১৭ নভেম্বর বাট কাউন্টি জেলে পাঠানো হয়। তাঁদের অধিকাংশের বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগ আনা হয়েছে। দুইজনের বিরুদ্ধে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া ইউবা সিটির একজনের বিরুদ্ধে কারাগারে নিয়ন্ত্রিত মাদক পাচার এবং মাদক রাখার অভিযোগও আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ইউবা সিটি, ১৪ জন স্যাক্রামেন্টো এবং ছয়জন চিকোর বাসিন্দা। বাকিরা লাইভ ওক, উডল্যান্ড, হ্যামিল্টন সিটি, এলক গ্রোভ, কোলুসা ও অলিভহার্স্ট এলাকার বাসিন্দা।
গুদামগুলো থেকে উদ্ধার করা গাঁজা সরানো এবং আলামত প্রক্রিয়াকরণে তদন্তকারীদের তিন দিন সময় লেগেছে। এ ঘটনায় তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য পরে প্রকাশ করা হতে পারে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।