লস এঞ্জেলেস

সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো মিরাজ শহরে এক বয়স্ক ব্যক্তিকে ১ লাখ ডলারের বেশি মূল্যের সোনা কিনতে বাধ্য করার অভিযোগে লস এঞ্জেলেস কাউন্টির তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের। রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত শুক্রবার র‍্যাঞ্চো মিরাজের হাইওয়ে ১১১-এর ৭০০০০ ব্লকের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতারণার সন্দেহজনক ঘটনা জানানো হলে তদন্ত শুরু হয়। পাম ডেজার্ট শেরিফ স্টেশনের কর্মকর্তারা সেখানে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। তদন্তে জানা যায়, এক বয়স্ক ব্যক্তিকে ১ লাখ ডলারের বেশি মূল্যের সোনা কেনার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে বলা হয়, সোনা না কিনলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা লেনদেনটি আটকে দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার বারমুডা ডিউনস এলাকার ওয়াশিংটন স্ট্রিট ও হ্যারিস লেনের কাছে একটি গাড়ি থামিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ডলার উদ্ধার করেন তদন্তকারীরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২২ বছর বয়সী ইভান বারবোজা নাভারেতে, ১৯ বছর বয়সী ব্রায়ান ভেলাসকেজ এবং ২১ বছর বয়সী জেইমি কারিলো। তাঁরা সবাই লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, বয়স্ক ব্যক্তির ওপর নির্যাতন এবং অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাঁদের জন বেনোয়া ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। কারাগারের নথি অনুযায়ী, বারবোজা ও ভেলাসকেজের শুক্রবার লারসন জাস্টিস সেন্টারে আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে কারিলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারাগার-সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে আরও ভুক্তভোগী জড়িত থাকতে পারেন। উদ্ধার হওয়া ২০ হাজার ডলারের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো চলছে। এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে পাম ডেজার্ট শেরিফ স্টেশনের তদন্ত কর্মকর্তা হিককের সঙ্গে ৭৬০-৮৩৬-১৬০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।