লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চিনো হিলসে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু হয়েছে। বৃহস্পতিবার নিখোঁজ হওয়া এক নারী এবং পরে পাওয়া এক পুরুষের মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়। স্থানীয় সময় ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চিনো অ্যাভিনিউ ও ৭১ নম্বর ফ্রিওয়ের কাছে দ্রুতগতির পানিতে দুইজনকে ভেসে যেতে দেখা যায়। ভারী বৃষ্টিতে এলাকার একটি খাল ওয়াশের পানি বিপজ্জনক স্রোতে পরিণত হয়েছিল। খবর পেয়ে চিনো ভ্যালি ফায়ার বিভাগ এবং সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফেয়ারফিল্ড র‍্যাঞ্চ রোড ও রেড বার্ন কোর্টের কাছাকাছি ওই দুইজনকে পানিতে দেখতে পান উদ্ধারকর্মীরা। এ সময় নারীটিকে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা তাদের দিকে দড়ি ছুড়ে দিলে পুরুষটি সেটি ধরতে সক্ষম হন। তবে নারীটি দড়ি ধরতে পারেননি। প্রবল স্রোত তাকে আরও দূরে ভাসিয়ে নিয়ে যায়। পুরুষটিকে উদ্ধার করে সতর্কতামূলক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিখোঁজ নারীকে খুঁজে পেতে ফায়ার বিভাগ ও শেরিফ বিভাগের বিশেষ উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। ড্রোনও ব্যবহার করা হয়। তবে ঘন গাছপালা, কাদা ও বিভিন্ন ধরনের আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। প্রথম দিন রাত পর্যন্ত খোঁজ চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার ২০ নভেম্বর আবারও তল্লাশি শুরু হয়। পরে উদ্ধারকারীরা ওই নারী এবং কাছাকাছি এলাকায় আরও এক পুরুষের মরদেহ খুঁজে পান। দ্বিতীয় পুরুষের নিখোঁজ থাকার কোনো তথ্য আগে কর্তৃপক্ষের কাছে ছিল না। ফলে তার পরিচয় ও কীভাবে তিনি সেখানে পৌঁছেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের ধারণা, নিহত দুজনই গৃহহীন বা অস্থায়ীভাবে বসবাস করতেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের আগে নদী ও খালের আশপাশের অস্থায়ী বসতিতে থাকা মানুষদের সতর্ক করার চেষ্টা করা হয়েছিল। বৃষ্টির সময় এসব এলাকায় পানি দ্রুত বেড়ে যেতে পারে। তাই প্রবল বৃষ্টির মধ্যে খাল, নালা ও পানিপ্রবাহের পথ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে উদ্ধারকারী দল।