লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পর ইউনিভার্সাল স্টুডিওজ হলিউডের লোয়ার লটে পানির পাইপ ফেটে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে পার্কটির কয়েকটি আকর্ষণ ও আশপাশের এলাকায় পানি জমে যায়। তবে ভূমিকম্পের কারণে পাইপ ফেটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর ইউনিভার্সাল স্টুডিওজের লোয়ার লটে পানির পাইপ ফেটে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পানি ছড়িয়ে পড়ে ‘রিভেঞ্জ অব দ্য মমি’ রাইডের ভেতরেও। পাশাপাশি ‘ট্রান্সফরমার্স: দ্য রাইড–থ্রি-ডি’ এবং স্টুডিও ক্যাফের আশপাশেও পানি জমে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানির সরবরাহ নিয়ন্ত্রণে আনেন এবং জমে থাকা পানি পরিষ্কারে সহায়তা করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের জন্য প্লাম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়। পানির কারণে ক্ষতিগ্রস্ত এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে পার্কের বাকি অংশ স্বাভাবিকভাবে চালু ছিল। প্রাথমিকভাবে ‘ট্রান্সফরমার্স: দ্য রাইড–থ্রি-ডি’ বন্ধ রাখা হলেও পরে এটি আবার চালু করা হয়। অন্যদিকে, ‘রিভেঞ্জ অব দ্য মমি’ রাইডের ভেতরে পানি প্রবেশের বিষয়টি পরিস্থিতি মোকাবিলায় বাড়তি পদক্ষেপের প্রয়োজন তৈরি করে। এদিকে, পানির পাইপ ফেটে যাওয়ার ঘটনাটি ভূমিকম্পের কারণে ঘটেছে কি না, সে বিষয়ে ফায়ার ডিপার্টমেন্টের ধারণা, এর সঙ্গে ভূমিকম্পের সরাসরি সম্পর্ক থাকার সম্ভাবনা কম। ইউনিভার্সাল স্টুডিওজের পক্ষ থেকেও জানানো হয়েছে, এটি স্বাভাবিক পানির লাইন বিকল হওয়ার ঘটনা, ভূমিকম্পের কারণে নয়। তবে ঘটনার পর মেরামত ও পরিষ্কারের কাজ শুরু হয়। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি সমাধান করা হয়েছে এবং পার্কের কার্যক্রম সচল রয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ম্যানহাটন বিচের দক্ষিণ-পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকায়। ভূমিকম্পটির পর একের পর এক পরাঘাত অনুভূত হয়। শনিবার বিকেল ৫টার কিছু আগে পর্যন্ত অন্তত ৮৩টি পরাঘাত রেকর্ড করা হয়েছিল বলে জানান ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনস। ভূমিকম্পে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৭-এ কাচের প্যানেল ভেঙে যায়। ম্যানহাটন বিচে একটি চিমনিও ধসে পড়ে। এ ছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ভবন ও ঘরবাড়িতে জিনিসপত্র পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আগামী কয়েক দিন আরও পরাঘাত অনুভূত হতে পারে বলে সতর্ক করেছেন।