দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লস এঞ্জেলেসের দক্ষিণ বে উপকূলীয় এলাকা। শনিবার (২৮ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পে সমুদ্রের ওপর নির্মিত পিয়ারগুলো দুলে ওঠে, রেস্তোরাঁয় ঝনঝন করে ওঠে ঝুলন্ত গ্লাস এবং আতঙ্কে এলোমেলো হয়ে যায় উপকূলের স্বাভাবিক পরিবেশ। তবে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হারমোসা বিচ পিয়ারের প্রায় তিন মাইল পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকায়। লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টির বিস্তৃত মহানগর এলাকায় গত ১২ বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর কিছুক্ষণ পর ৪ দশমিক ৫ মাত্রার একটি পরাঘাতও অনুভূত হয়। এরপর দিনভর আরও বেশ কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়।
রেডন্ডো বিচ পিয়ারের রেডন্ডো কফি শপ অ্যান্ড বেইট অ্যান্ড ট্যাকল শপে ভূমিকম্পের সময় কাজ করছিলেন ১৮ বছর বয়সী দুই কর্মী ক্লারিসা হুয়ের্তা ও ভিক্টোরিয়া কাস্তেয়ানোস। তাঁদের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পের ঝাঁকুনিতে পুরো পিয়ারটি এদিক-ওদিক দুলতে থাকে। দোকানের প্লাস্টিকের কাপ পড়ে যায় এবং ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা কয়েক ডজন ওয়াইন গ্লাস একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করতে থাকে।
হুয়ের্তা জানান, প্রথম মুহূর্তে তাঁর মনে হয়েছিল তাঁরা হয়তো বাঁচবেন না। যদিও পরে নিজের প্রতিক্রিয়াকে কিছুটা বাড়াবাড়ি বলে উল্লেখ করেন তিনি। ভূমিকম্পের সময় দোকানে কয়েকজন ক্রেতা সকালের খাবার খাচ্ছিলেন। পাশের একটি বুথে বড়দিনের গানও বাজছিল। পরিস্থিতি দেখে ইতালির একদল পর্যটক আতঙ্কিত হয়ে দ্রুত পিয়ার ছেড়ে চলে যান।
ভূমিকম্পের পর ফোনে সতর্কবার্তা পান কাস্তেয়ানোস। সেখানে কাছের ম্যানহাটন বিচ এলাকায় ভূমিকম্পের কথা জানানো হয়। তবে পানির ওপর থাকা পিয়ারে কীভাবে নিরাপদ আশ্রয় নিতে হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন হুয়ের্তা। দুই কর্মী জানান, এর আগে মঙ্গলবারও তাঁরা সেখানে ছোট একটি ভূমিকম্প অনুভব করেছিলেন।
এদিকে, সমুদ্রসৈকতে স্ত্রীর সঙ্গে হাঁটতে বের হয়েছিলেন ৬৫ বছর বয়সী পেদ্রো রামিরেজ। প্রথমে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের জানালা কাঁপতে শুনে তাঁর সন্দেহ হয়। পরে পিয়ার ও ভবনগুলো দুলতে দেখে তিনি বুঝতে পারেন ভূমিকম্প হচ্ছে। এর প্রায় এক মিনিট পর আরেকটি পরাঘাত অনুভূত হয়। তবে তখনও পিয়ারে মাছ ধরছিলেন অনেকে।
টরেন্সের ৮২ বছর বয়সী জন মাস্টার্স জানান, ভূমিকম্পের সময় কাছের ডকে নৌকায় পৌঁছানোর সময় তিনি পানির অস্বাভাবিক ওঠানামা দেখতে পান। তাঁর ধারণা, পানির নিচের মাছগুলোও ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে ছুটে পালিয়েছে।
ম্যানহাটন বিচে নিজের পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন ৭৩ বছর বয়সী জেইম প্রিয়েতো। হঠাৎ ঝাঁকুনিতে ঘরের বাসনপত্র কাঁপতে শুরু করে। তিনি জানান, ভূমিকম্পটি খুব আকস্মিক ও শক্তিশালী ছিল, তবে স্থায়ী হয়েছিল অল্প সময়। পরাঘাতের পর চার ও সাত বছর বয়সী নাতি-নাতনিদের নিয়ে নিরাপদ মনে করে কাছের লাইভ ওক পার্কে চলে যান তাঁরা।
অন্যদিকে, ভূমিকম্পের পর এল সেগুন্ডোর শেভরন তেল শোধনাগার থেকে আকাশে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন, ভূমিকম্পে শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শহর কর্তৃপক্ষ জানায়, সেখানে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় ব্যবহৃত কন্টিনজেন্সি ফ্লেয়ারিং কার্যক্রম চলছিল। এল সেগুন্ডো ও ম্যানহাটন বিচের দমকলকর্মীরা ঘটনাস্থলে গেলেও জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো বিপদের কথা জানানো হয়নি।
লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৭-এও ভূমিকম্প ও পরাঘাতে কিছু কাচ ভেঙে যায় এবং ছাদের একটি প্যানেল নিচে পড়ে। তবে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি। লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, দমকল বিভাগের শহরব্যাপী দ্বিতীয় পর্যায়ের পরিদর্শন শেষে শহরকে আর জরুরি ভূমিকম্প পরিস্থিতিতে রাখা হয়নি। তবে জরুরি পরিচালনা কেন্দ্র পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সিসমোলজি ল্যাব জানিয়েছে, আগামী কয়েক দিন আরও ভূমিকম্প ও পরাঘাত অনুভূত হতে পারে। অধিকাংশ কম্পন ছোট হওয়ার সম্ভাবনা থাকলেও শক্তিশালী পরাঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় এমন কম্পন ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
এদিকে, ভূমিকম্পের পর বাসিন্দাদের পরিবারের জন্য জরুরি পরিকল্পনা তৈরি, প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার মজুত রাখা এবং ঘরের ভারী আসবাবপত্র নিরাপদে স্থাপন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।