নিউইয়র্ক

নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সারাটোগা স্প্রিংস শহরে একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি ঘোড়ার মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে সারাটোগা ক্যাসিনো হোটেলের হারনেস রেসিং ট্র্যাকের একটি আস্তাবলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আস্তাবলটি সম্পূর্ণ পুড়ে যায়, যেখানে ১৮টি পর্যন্ত ঘোড়া রাখা ছিল। মাত্র একটি ঘোড়া সামান্য আহত অবস্থায় প্রাণে বাঁচে। এ ঘটনায় কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন। কর্মচারীরা সকালে ঘোড়াগুলোকে খাবার দেওয়া ও আস্তাবল পরিষ্কার করতে এসে আগুন দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় ঘোড়াগুলোকে উদ্ধার করার সুযোগ মেলেনি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ঘোড়াগুলোর মধ্যে প্রশিক্ষক রবিন ম্যানজিয়ার্ডির ১১টি এবং টিমোথি বেনসনের ৬টি ঘোড়া ছিল। পাশের আস্তাবলগুলোতে থাকা অন্যান্য ঘোড়াগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এলাকাটিতে সাধারণত প্রায় ৩৫০টি ঘোড়া রাখা হয়। সারাটোগা ক্যাসিনো হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম গেরিটি বলেন, “আজকের এই ক্ষতি আমাদের রেসিং সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। নিরাপত্তাকর্মী, জরুরি সেবাদানকারী এবং রেসিং কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের আস্তাবলের মানুষ ও প্রাণীগুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে।” ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি তহবিল গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে। নিহত ঘোড়াগুলোর স্মরণে পরবর্তীতে একটি স্মরণসভা আয়োজনেরও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর মঙ্গলবারের সব রেস প্রতিযোগিতা বাতিল করা হয়। ঘোড়দৌড়ের জন্য ঐতিহাসিকভাবে বিখ্যাত সারাটোগা স্প্রিংস শহরে এই দুর্ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আগুন লাগার কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   এলএবাংলাটাইমস/ওএম