নিউইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে ঘোড়ায় টানা পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত তরুণ ভারত থেকে আসা একজন পর্যটক ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই তরুণ আরও তিনজনের সঙ্গে ঘোড়ার গাড়িতে ভ্রমণ করছিলেন। এ সময় গাড়ির চালক যাত্রীদের একটি ছবি তুলতে গিয়ে কিছুক্ষণের জন্য ঘোড়ার কাছ থেকে সরে যান। ঠিক তখনই ঘোড়াটি হঠাৎ ছুটে যায়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং পরে গাড়িটি উল্টে যায়। এতে ১৮ বছর বয়সী তরুণ গুরুতর আহত হন।
তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য তিন যাত্রী আহত হননি এবং তাদের চিকিৎসার প্রয়োজন হয়নি বলে জানা গেছে।
পরিবহন শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার কেম্প বলেন, চালকের কখনোই ছবি তোলার জন্য ঘোড়া ও গাড়ি ছেড়ে যাওয়া উচিত নয়। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
এই দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগে সেন্ট্রাল পার্কে ডেনিজ নামের একটি ঘোড়া বিষাক্ত উদ্ভিদ খেয়ে মারা যায়। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সেন্ট্রাল পার্কে ঘোড়ায় টানা গাড়ি বহু বছর ধরে জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলেও প্রাণী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, এসব গাড়ি ঘোড়া এবং মানুষের উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইতোমধ্যেই সেন্ট্রাল পার্ক থেকে ঘোড়ার গাড়ি ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে ঘোড়ায় টানা গাড়ি মানুষ ও প্রাণী—উভয়ের জন্যই অনিরাপদ। তিনি ‘রাইডার্স ল’ নামে একটি প্রস্তাবিত আইন দ্রুত পাসের আহ্বান জানান।
প্রস্তাবিত ওই আইনে নতুন কোনো ঘোড়ার গাড়ির লাইসেন্স না দেওয়া এবং আগামী দুই বছরের মধ্যে ধাপে ধাপে এই সেবা বন্ধ করার কথা বলা হয়েছে।
আরেক কাউন্সিল সদস্য হার্ভি এপস্টেইন এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, বারবার এমন ঘটনা ঘটছে, তবুও শহর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তার মতে, জননিরাপত্তা ও প্রাণীকল্যাণের স্বার্থে এই শিল্প নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
এলএবাংলাটাইমস/ওএম