নিউইয়র্ক

নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে বড় সাফল্য পেয়েছেন শহরের ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক (ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট) মেয়র জোহরান মামদানি-সমর্থিত প্রার্থীরা। তার সমর্থিত সব প্রার্থীই নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিজয়ী হয়েছেন, যা ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থী শাখার জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে আলোচিত লড়াই হয় নিউইয়র্কের ১০ম কংগ্রেশনাল জেলায়। সেখানে বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান প্রগতিশীল নেতা ব্র্যাড ল্যান্ডার-এর কাছে পরাজিত হন। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে দুই প্রার্থীর অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। ল্যান্ডার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন, অন্যদিকে গোল্ডম্যান ছিলেন ইসরায়েলপন্থী এবং বিভিন্ন প্রো-ইসরায়েল সংগঠনের সমর্থন পেয়েছিলেন। ভোট গণনার অধিকাংশ শেষ হওয়ার পর দেখা যায়, ল্যান্ডার ৬৫.৭ শতাংশ ভোট পেয়ে সহজেই জয়লাভ করেছেন, যেখানে গোল্ডম্যান পান ৩৪.১ শতাংশ ভোট। বিজয়ের পর ল্যান্ডার বলেন, তার এলাকার মানুষ এমন নেতৃত্ব চায়, যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে। অন্য দুটি আসনেও মামদানি-সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। ৭ম জেলায় অ্যাসেম্বলিমেম্বার ক্লেয়ার ভালদেজ ব্রুকলিন বরো প্রেসিডেন্ট অ্যান্টোনিও রেইনোসো-কে পরাজিত করেন। এদিকে ১৩তম জেলায় ডক্টরাল শিক্ষার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ার বিজয়ী হন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। শেভালিয়ার পাঁচ মেয়াদের কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপাইয়াত-কে হারিয়ে দেন। বিজয়ের পর মামদানি তাকে “সুস্পষ্ট চিন্তা, বিবেক ও দৃঢ় বিশ্বাসের মানুষ” বলে প্রশংসা করেন। পরাজয়ের পর গোল্ডম্যান বলেন, “১০ম জেলার ভোটাররা তাদের মতামত দিয়েছেন। আমি ফলাফলে হতাশ হলেও তাদের সিদ্ধান্তকে সম্মান করি।” এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডম্যানকে কটাক্ষ করে “দুর্বল ও করুণ” বলে মন্তব্য করেন এবং বলেন, তিনি “বড় ব্যবধানে হেরেছেন”। গোল্ডম্যান আগে ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিশংসন (ইমপিচমেন্ট) তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসা পেয়েছিলেন। তবে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় নিউইয়র্কের কিছু ভোটারের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সম্প্রতি ব্রুকলিনের একটি কফি শপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানায়, গোল্ডম্যান সেখানে স্বাগত নন। যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়। অন্যদিকে নিউইয়র্কের ১২তম জেলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি-এর নাতি জ্যাক শ্লসবার্গ নির্বাচনে পরাজিত হন। তিনি অ্যাসেম্বলিমেম্বার মাইকা ল্যাশার-এর কাছে হেরে যান। ল্যাশার আগে কংগ্রেসম্যান জেরি ন্যাডলার-এর সহকারী হিসেবে কাজ করেছিলেন। এই নির্বাচনে আরেক প্রার্থী ছিলেন রক্ষণশীল আইনজীবী জর্জ কনওয়ে, যিনি ট্রাম্পবিরোধী সংগঠন ‘লিংকন প্রজেক্ট’-এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি মাত্র প্রায় ৬ শতাংশ ভোট পান। নির্বাচনের আগে মামদানি বলেছিলেন, “শুধু আরও বেশি ডেমোক্র্যাট নির্বাচিত করাই লক্ষ্য নয়, বরং আরও ভালো ডেমোক্র্যাট নির্বাচিত করাই গুরুত্বপূর্ণ। আমি এমন প্রার্থীদের সমর্থন করি, যারা সাধারণ মানুষের স্বার্থকে রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনতে চান।” তবে ওয়াশিংটনের মূলধারার ডেমোক্র্যাট নেতারা উদ্বিগ্ন যে এসব বামপন্থী প্রার্থী আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) দোদুল্যমান ভোটারদের আকৃষ্ট করতে পারবেন কি না। মামদানি-সমর্থিত তিন বিজয়ী প্রার্থীই অভিবাসন সংস্থা ICE বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন, ধনীদের ওপর বেশি কর আরোপের পক্ষে মত দিয়েছেন এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছেন। যদিও ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ বিষয়ে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিজ বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে কয়েকটি প্রাইমারি নির্বাচনের ফল ডেমোক্র্যাটিক পার্টির সামগ্রিক পরিচয় বদলে দেবে না।”

এলএবাংলাটাইমস/ওএম