ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দায়িত্বে আছেন মাহবুব আনাম। বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে নিয়োজিত আছেন তিনি।
এইদিকে, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন বলে আলোচনা উঠেছিল। তবে এ নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম।
গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক দিন থেকেই ভাবছিলাম বিষয়টি। তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেই জায়গার জন্য আমি নিজেকে উপযুক্ত বলেও মনে করি না। আমি একটি শান্তিপূর্ণ এবং ঝামেলাহীন জীবন কাটাতে চাই।’
এদিকে, মাহবুব আনামের এমন ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরমধ্যে দুইজন পরিচালক জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। সে কারণে কোনো মন্তব্য করতেও রাজি হননি।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক প্রচারণায় ব্যথিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা আছে অক্টোবরে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস