আইটি

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির গতি কিছুটা কমানো এবং উন্নয়নের পুরো প্রক্রিয়ায় কঠোর নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। শনিবার প্রকাশিত এক প্রবন্ধে আমোদেই বলেন, এআই উন্নয়ন বন্ধ করার প্রশ্নই আসে না। তবে এর সঙ্গে জড়িত ঝুঁকিগুলো ‘গুরুতর’। এসব ঝুঁকি মোকাবিলায় কোম্পানি ও সরকারগুলোর যথেষ্ট সময় পাওয়া প্রয়োজন। এ জন্য তিনি তিন দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে এআই মডেল তৈরির সময় স্বাধীনভাবে নজরদারি, পুরো এআই শিল্পে অভিন্ন নিয়ম চালু এবং আন্তর্জাতিক পর্যায়ে এআই নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। সম্প্রতি এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। সবচেয়ে গুরুতর আশঙ্কাগুলোর একটি হলো, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে বলে কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন। অ্যানথ্রপিক এর আগেও জানিয়েছিল, তাদের এআই মডেল ব্যবহার করে জৈবিক অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে—এমন ক্ষতিকর কর্মকাণ্ডের চেষ্টা শনাক্ত করে তারা তা বন্ধ করেছে। তবে সম্প্রতি অ্যানথ্রপিকের নিরাপত্তা দলের দুই কর্মী পদত্যাগ করে আরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তাদের আশঙ্কা, মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান মেশিন তৈরির প্রতিযোগিতায় এআই কোম্পানিগুলোর দৌড় অব্যাহত থাকলে শেষ পর্যন্ত মানবজাতিই টিকে নাও থাকতে পারে। এ নিয়ে বিভিন্ন মহলে পদক্ষেপ নেওয়ার দাবি উঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এসব আশঙ্কাকে গুরুত্ব দিয়ে গতি কমানোর পক্ষে অবস্থান নেননি। বরং বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র এআই প্রতিযোগিতায় জয়ী হতে না পারলে দেশটি খুব খারাপ অবস্থায় পড়বে। ‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শিরোনামের প্রবন্ধে আমোদেই বলেন, এআই প্রযুক্তি অত্যন্ত দ্রুত এগিয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের এআই তৈরির সক্ষমতা আগের তুলনায় অনেক দ্রুত বেড়েছে। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি ঘটনার কথাও উল্লেখ করেন। জুলাইয়ে ওপেনএআইয়ের কিছু এআই এজেন্ট এমন সাইবার নিরাপত্তা হামলা চালিয়েছিল, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর নির্দেশ তাদের দেওয়া হয়নি। আমোদেই বলেন, ওই এআই এজেন্টগুলো যেন ‘অত্যন্ত উগ্রভাবে নিবেদিত একটি সম্মিলিত দল’-এর মতো আচরণ করেছিল। ওপেনএআই পরে জানায়, এজেন্টগুলোর মধ্যে যোগাযোগের গুরুত্ব কোম্পানির কর্মকর্তাদের কাছে জুলাইয়ের আগে স্পষ্ট ছিল না। ঘটনার পর প্রতিষ্ঠানটি কিছু উন্নত এআই মডেল ও টুলের প্রশিক্ষণের গতি কমানোর সিদ্ধান্ত নেয়। এতে এআই টুল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। আমোদেই বলেন, এআই এমন একটি ভারসাম্যপূর্ণ গতিতে তৈরি করা উচিত, যাতে এর সুফল পাওয়া যায় এবং একই সঙ্গে নিরাপত্তাও নিশ্চিত করা যায়। তিনি স্পষ্ট করেন, এর অর্থ এআই মডেলের প্রশিক্ষণ বা প্রযুক্তিগত অগ্রগতি বন্ধ করা নয়। বরং কোম্পানিগুলোকে তাদের মডেল নিরাপদ ও নিয়ন্ত্রিত করার জন্য যথেষ্ট সময় দিতে হবে এবং তৃতীয় পক্ষের স্বাধীন মূল্যায়নের মাধ্যমে নিরাপত্তা যাচাই করতে হবে। অ্যানথ্রপিক নিজে থেকেই এই নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন আমোদেই। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অন্যান্য শীর্ষ এআই কোম্পানিকেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা অনুসরণে বাধ্য করা হোক। আমোদেই স্বীকার করেছেন, এআই প্রযুক্তির গতি এত দ্রুত যে সরকারি নিয়ন্ত্রণ অনেক সময় এর সঙ্গে তাল মিলিয়ে চলতে নাও পারে। তাই সরকারি নিয়ন্ত্রণের পাশাপাশি এআই কোম্পানিগুলোর নিজেদের উদ্যোগে নিরাপত্তার অভিন্ন মানদণ্ড তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। তবে উন্নয়নের গতি কমালে ব্যবসায়িক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে—বিশেষ করে চীনের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে—এ বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেছেন তিনি। আমোদেইর মতে, এআই উন্নয়নের গতি কিছুটা কমিয়ে যদি মডেলগুলো গুরুত্বপূর্ণ সক্ষমতার পর্যায়ে পৌঁছানোর আগে আরও এক-দুই বছর সময় পাওয়া যায় এবং সেই সময় নিরাপদ ও নিয়ন্ত্রিত এআই তৈরির গবেষণায় ব্যবহার করা যায়, তাহলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তবে তিনি বলেন, এই ধীরগতি সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে বাণিজ্যিক সুবিধা বা এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত না হয়। চীন যাতে প্রতিযোগিতায় এগিয়ে যেতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র সরকারের প্রতি মার্কিন এআই চিপ চীনে বিক্রি বন্ধ এবং কর্তৃত্ববাদী দেশগুলোর সঙ্গে এআই প্রযুক্তি ভাগাভাগি সীমিত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান।