মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত হোয়াইট হাউস বলরুম নির্মাণ প্রকল্পে ফেডারেল অর্থ ব্যবহারের পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। মার্কিন সিনেটের নিয়মরক্ষক কর্মকর্তা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা নিরাপত্তা তহবিলকে অনুমোদন না দেওয়ায় ডেমোক্র্যাটদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জয় হয়েছে।
সিনেটের পার্লামেন্টারিয়ান এলিজাবেথ ম্যাকডোনো শনিবার সিদ্ধান্ত দেন যে, প্রেসিডেন্টের নতুন বলরুম প্রকল্পের জন্য করদাতাদের অর্থ ব্যবহার সিনেটের বাজেট সংক্রান্ত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডেমোক্র্যাটরা যুক্তি দেন, নিরাপত্তা খাতে বরাদ্দকৃত অর্থকে এই নির্মাণ প্রকল্পে ব্যবহার করা অনুচিত।
ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই বিলাসবহুল বলরুমের মূল অর্থ আসবে ব্যক্তিগত দাতাদের কাছ থেকে। তবে রিপাবলিকানরা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের নিরাপত্তা উন্নয়নের জন্য প্রস্তাবিত ১ বিলিয়ন ডলারের একটি অংশ এই প্রকল্পে ব্যবহার করতে চেয়েছিল।
এই অর্থায়নের উদ্যোগের পেছনে ছিল এপ্রিল মাসে এক হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতির সময় ঘটে যাওয়া বন্দুক হামলার ঘটনা। ওই ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদারের যুক্তিতে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়।
রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিশেষ বাজেট প্রক্রিয়া, যাকে ‘বাজেট রিকনসিলিয়েশন’ বলা হয়, ব্যবহার করে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই বিলটি পাস করানোর চেষ্টা করছিল। তবে সিনেটের ‘বার্ড রুল’ অনুযায়ী বাজেটের সঙ্গে সরাসরি সম্পর্কহীন বিষয় অন্তর্ভুক্ত করা যায় না। সেই নিয়মের কারণেই বলরুম প্রকল্পের অর্থায়ন আটকে গেছে।
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “রিপাবলিকানরা ট্রাম্পের বিলিয়ন ডলারের বলরুমের খরচ জনগণের ওপর চাপাতে চেয়েছিল। কিন্তু ডেমোক্র্যাটরা তা ঠেকিয়ে দিয়েছে।”
ওরেগনের সিনেটর জেফ মার্কলি বলেন, রিপাবলিকানরা ট্রাম্পকে সন্তুষ্ট করতে বিলটি নতুনভাবে সংশোধন করতে পারে, তবে ডেমোক্র্যাটরা আবারও এর বিরোধিতা করবে।
অন্যদিকে সিনেট মেজরিটি লিডার জন থুনের মুখপাত্র রায়ান র্যাসে বলেন, “বার্ড প্রক্রিয়ার সময় খসড়া সংশোধন ও পুনরায় জমা দেওয়া স্বাভাবিক বিষয়।”
গত অক্টোবরে হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়, যাতে ট্রাম্পের ভাষায় “বিশ্বের সেরা বলরুম” নির্মাণ করা যায়। তবে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন এই প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের পরিবর্তন আইনসঙ্গত নয়।
বলরুম প্রকল্প ছাড়াও ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে নানা স্থাপনায় নিজের পছন্দমতো পরিবর্তন আনছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সোনালি অলংকরণ যোগ করা, রোজ গার্ডেনের অংশে প্যাটিও নির্মাণ, এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার উদ্যোগ তার এসব পরিকল্পনার অংশ।
এলএবাংলাটাইমস/ওএম