আমেরিকা

স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার-এ অংশগ্রহণের ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়িয়েছেন একাধিক জনপ্রিয় শিল্পী। তাদের দাবি, অনুষ্ঠানটির রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আগে স্পষ্টভাবে জানানো হয়নি। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ১৬ দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে ফ্রিডম ২৫০ নামের একটি সংস্থা। বুধবার শিল্পীদের তালিকা প্রকাশের পরই কয়েকজন শিল্পী অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানান। অংশগ্রহণ বাতিল করা শিল্পীদের মধ্যে রয়েছেন র‌্যাপার ইয়াং এমসি, মরিস ডে, ব্যান্ড দ্য কমোডোরস, ব্রেট মাইকেলস এবং কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইড। তবে আয়োজক সংস্থা ফ্রিডম ২৫০ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সংস্থাটির দাবি, তারা একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে একত্রিত করাই তাদের লক্ষ্য। ১৯৮৯ সালের জনপ্রিয় গান “Bust a Move”-এর জন্য পরিচিত ইয়াং এমসি সামাজিক মাধ্যমে জানান, শিল্পীদের অনুষ্ঠানের রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে আগে জানানো হয়নি। তিনি ভবিষ্যতে ওয়াশিংটনে এমন কোনো অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী, যা রাজনৈতিকভাবে বিতর্কিত নয়। মরিস ডেও ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, তিনি এই মেলায় পারফর্ম করবেন না। পরে দ্য কমোডোরস-ও একই সিদ্ধান্ত নেয়। ব্যান্ডটি জানায়, তারা কোনো একক রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের প্রকাশ্যে যুক্ত করতে চায় না। মার্টিনা ম্যাকব্রাইড এক বিবৃতিতে বলেন, তাকে একটি নিরপেক্ষ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে বিষয়টি ভিন্ন। অন্যদিকে ব্রেট মাইকেলস বলেন, দেশপ্রেম উদযাপনের যে অনুষ্ঠানের কথা তাকে জানানো হয়েছিল, তা পরে অনেক বেশি বিভাজনমূলক রূপ নিয়েছে। তিনি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে সব শিল্পী সরে যাননি। ফ্লো রাইডা, ভ্যানিলা আইস, ফ্যাব মরভান এবং সি+সি মিউজিক ফ্যাক্টরি-র সদস্য ফ্রিডম উইলিয়ামস এখনো অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনায় আছেন। ভ্যানিলা আইস সামাজিক মাধ্যমে বলেন, “এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং আমেরিকার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান।” এদিকে ফ্রিডম ২৫০ এখনো নতুন শিল্পী তালিকা বা কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি। সংস্থার মুখপাত্র র‍্যাচেল রেইজনার বলেছেন, “এই মহান দেশকে উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে। বিভাজন ও বিতর্ক যেন সেই আনন্দকে ম্লান না করে।” উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের সমর্থনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার, হোয়াইট হাউস প্রাঙ্গণে একটি ইউএফসি লড়াই এবং আগস্টে ওয়াশিংটনে একটি গ্র্যান্ড প্রিক্স মোটর রেস। এছাড়া সীমিত সংখ্যক স্মারক পাসপোর্টও প্রকাশ করা হবে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে। এলএবাংলাটাইমস/ওএম