আমেরিকা

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার ঘটনায় বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। ভার্জিনিয়া স্টেট পুলিশ শনিবার জানায়, বাসচালক জিং এস ডংয়ের বিরুদ্ধে দুটি অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও অভিযোগ যুক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে ইন্টারস্টেট-৯৫ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, যানজটপূর্ণ এলাকায় গতি কমাতে ব্যর্থ হন ডং। তাঁর চালানো ট্যুর বাস একটি শেভ্রোলেট সাবারবান গাড়িকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি আরও কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটি গাড়িতে আগুন ধরে যায়। ভার্জিনিয়ার প্রসিকিউটর এরিক ওলসেন বলেন, প্রাথমিক তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে যা থেকে ধারণা করা যায়, চালক ‘অপরাধমূলক অবহেলার’ সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন। তিনি জানান, সড়কের নির্মাণকাজ চলা এলাকায় অন্যান্য যানবাহন ধীরগতিতে চললেও ট্যুর বাসটি উচ্চগতিতে এগোচ্ছিল। বাসটি একাধিক গাড়িকে ধাক্কা দিলে অন্তত আটটি যানবাহন জড়িয়ে একটি বড় ধরনের শৃঙ্খল সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিং এস ডংকে গ্রেপ্তার করে ভার্জিনিয়া স্টেট পুলিশ। তাঁর বিরুদ্ধে জারি করা ফৌজদারি পরোয়ানাও হাসপাতালে গিয়ে কার্যকর করা হয়। আইন অনুযায়ী, অনিচ্ছাকৃত হত্যার প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে রয়েছেন ৪৪ বছর বয়সী এক নারী, ১৩ বছর বয়সী এক কিশোরী এবং ৭ বছর বয়সী এক শিশু। তারা যে গাড়িতে ছিলেন সেটিতে আগুন ধরে যায়। পরিবারটি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গ্রিনফিল্ড শহর থেকে দক্ষিণ ক্যারোলিনায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। নিহতদের পরিচয় প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। তারা হলেন দিমিত্রি দোনসেভ, তাঁর স্ত্রী একাতেরিনা, তাদের মেয়ে এমিলি এবং ছেলে মার্ক। পঞ্চম নিহত ব্যক্তি ২৫ বছর বয়সী প্রিসিলা মাফালদা। তিনি সেই শেভ্রোলেট সাবারবান গাড়িতে ছিলেন, যেটিকে প্রথমে ধাক্কা দেয় বাসটি। দুর্ঘটনায় জড়িত ট্যুর বাসটি ইঅ্যান্ডপি ট্রাভেল কোম্পানির পরিচালিত ছিল। এটি নিউইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনার উদ্দেশে যাচ্ছিল। পুলিশ জানায়, সংঘর্ষের পর প্রায় ৪৪ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।   এলএবাংলাটাইমস/ওএম