একসময় ক্রিপ্টোকারেন্সি জগতের অন্যতম পরিচিত মুখ স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা পাওয়ার আবেদন করেছেন। বর্তমানে তিনি জালিয়াতির দায়ে কারাদণ্ড ভোগ করছেন।
এফটিএক্স (FTX) নামের জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং এর সহযোগী প্রতিষ্ঠান আলামেডা রিসার্চ পরিচালনার সময় আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে ব্যাংকম্যান-ফ্রাইডকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
দুই বছর কারাভোগের পর ৩৪ বছর বয়সী এই সাবেক বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব দ্য পার্ডন অ্যাটর্নির কাছে “প্যারডন আফটার কমপ্লিশন অব সেন্টেন্স” বা সাজা সম্পন্ন হওয়ার পর ক্ষমার আবেদন জমা দিয়েছেন বলে সরকারি নথিতে দেখা গেছে।
এই ধরনের ক্ষমা অনুমোদিত হলে আইনের দৃষ্টিতে তার অপরাধ ক্ষমা করা হবে এবং তার কিছু নাগরিক অধিকার পুনর্বহাল হতে পারে। তবে এটি তার বর্তমান কারাদণ্ড কমাবে না। এজন্য তাকে আলাদাভাবে সাজা কমানোর আবেদন বা কমিউটেশন চাইতে হতো, যা তিনি করেননি।
হোয়াইট হাউসের এক প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে ব্যাংকম্যান-ফ্রাইডের আইনজীবীও গণমাধ্যমের অনুরোধের জবাব দেননি।
যদিও তিনি ক্ষমার আবেদন করেছেন, তবুও নিজের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই তিনি দাবি করে আসছেন যে তিনি নির্দোষ।
একসময় ক্রিপ্টোকারেন্সির উত্থানের সঙ্গে সঙ্গে ব্যাংকম্যান-ফ্রাইড বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান। তার প্রতিষ্ঠিত এফটিএক্স ছিল লাখো ব্যবহারকারীর অন্যতম জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ।
তবে ২০২২ সালে প্রতিষ্ঠানটি ধসে পড়ে। অভিযোগ ওঠে, গ্রাহকদের জমা রাখা অর্থ তিনি নিজের বিনিয়োগ, ঋণ পরিশোধ এবং অন্যান্য ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ব্যাংকম্যান-ফ্রাইডের আবেদনটি বর্তমানে ২০ হাজারের বেশি ক্ষমা ও সাজা কমানোর আবেদনের তালিকায় রয়েছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে বেশ কয়েকটি আলোচিত ক্ষমা ঘোষণা করেছেন। এর মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় অংশ নেওয়া শত শত ব্যক্তি, তার সাবেক কিছু সহযোগী, একটি ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা এবং ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সের এক নেতাও রয়েছেন।
তবে চলতি বছরের শুরুতে ট্রাম্পকে ব্যাংকম্যান-ফ্রাইডকে ক্ষমা করার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম