আমেরিকা

ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

টেক্সাস অঙ্গরাজ্যে একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার সময় সহপাঠীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ১৮ বছর বয়সী কারমেলো অ্যান্থনিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। ২০২৫ সালের এপ্রিল মাসে ডালাস এলাকার একটি হাইস্কুল ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় ১৭ বছর বয়সী অস্টিন মেটকাফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে সময় অভিযুক্ত কারমেলো অ্যান্থনির বয়সও ছিল ১৭ বছর। ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আত্মরক্ষা (সেলফ-ডিফেন্স) এবং স্কুল নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। পাশাপাশি মামলাটি বর্ণগত বিভাজনের বিষয়েও আলোচনায় আসে। প্রসিকিউটরদের দাবি ছিল, কারমেলো অ্যান্থনি প্রথমে অস্টিন মেটকাফকে হুমকি দেন এবং পরে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেন। অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা যুক্তি দেন, অ্যান্থনি আত্মরক্ষার জন্য এ কাজ করেছিলেন। টেক্সাসের আইনে ১৭ বছর বয়সীদের নির্দিষ্ট গুরুতর অপরাধে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা যায়। ফলে অ্যান্থনির বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক আসামি হিসেবে মামলা পরিচালিত হয়। বিচার চলাকালে প্রসিকিউশন প্রায় দুই ডজন সাক্ষী হাজির করে। তাদের অধিকাংশই ছিলেন প্রত্যক্ষদর্শী। মামলার অন্যতম আবেগঘন সাক্ষ্যে কলিন কাউন্টির প্রধান মেডিকেল পরীক্ষক ডা. এলিজাবেথ ভেনচুরা জানান, মেটকাফের বুকে বড় ধরনের ক্ষত ছিল এবং ছুরিটি তার হৃদপিণ্ড ভেদ করেছিল। প্রসিকিউশনের পক্ষের শিক্ষার্থীরা আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ঘটনার সময় কারমেলো অ্যান্থনিই আক্রমণাত্মক আচরণ করেছিলেন। অন্যদিকে প্রতিরক্ষা পক্ষও কয়েকজন শিক্ষার্থী এবং ট্র্যাক দলের কোচ অ্যাডাম লিনউডকে সাক্ষী হিসেবে হাজির করে। কোচ জানান, অ্যান্থনিকে দলের অধিনায়ক পদে মনোনয়নের জন্য বিবেচনা করা হয়েছিল। আদালতে আরও জানানো হয়, কারমেলো অ্যান্থনি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন। তার জিপিএ ছিল ৪.০, যা প্রায় নিখুঁত ফলাফল হিসেবে বিবেচিত হয়। মঙ্গলবার জুরি বোর্ড মাত্র তিন ঘণ্টারও কম সময় আলোচনা করে তাকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যান্থনির পক্ষে অবস্থান নেওয়া নাগরিক অধিকার সংগঠন ‘নেক্সট জেনারেশন অ্যাকশন নেটওয়ার্ক’ দাবি করেছে, মামলার জুরি বোর্ডে কোনো কৃষ্ণাঙ্গ সদস্য ছিলেন না। বিচারক জুরিদের হত্যাকাণ্ডের তুলনায় কম গুরুতর অপরাধ ‘ম্যানস্লটার’ বা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ বিবেচনার সুযোগও দিয়েছিলেন। ওই অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারত। তবে জুরি বোর্ড শেষ পর্যন্ত হত্যার অভিযোগেই কারমেলো অ্যান্থনিকে দোষী সাব্যস্ত করে।   এলএবাংলাটাইমস/ওএম