যুক্তরাষ্ট্রের নাগরিক, বিশেষ করে যাদের দ্বৈত নাগরিকত্ব (Dual Citizenship) রয়েছে, তাদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নাইজেরিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, সব মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগের সময় অবশ্যই বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে।
দূতাবাসের এই নির্দেশনা তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই নিয়ম সব মার্কিন নাগরিকের জন্য প্রযোজ্য, তাদের বয়স যাই হোক না কেন। এমনকি যেসব শিশু যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক, তারাও এই নিয়মের আওতায় পড়বে।
দূতাবাস আরও জানায়, যেসব ব্যক্তি দ্বৈত নাগরিক, তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ESTA)-এর আবেদন করতে পারবেন না। এমন আবেদন করলে তা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) নিয়মিতভাবে বাতিল বা প্রত্যাখ্যান করে।
এছাড়া বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের ভ্রমণের আগে তাদের মার্কিন পাসপোর্টের মেয়াদ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ভ্রমণের আগে সেটি নবায়ন করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের ভাষ্য, “মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগের সময় অবশ্যই বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে।” একই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে, বিশ্বের অনেক দেশেই প্রবেশের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস অবশিষ্ট থাকতে হয়। তাই যাত্রার আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করা জরুরি।
মার্কিন কর্তৃপক্ষের মতে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ভ্রমণের সময় যাত্রীরা যেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণ করেন এবং ভ্রমণের সময় কোনো ধরনের জটিলতায় না পড়েন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম