আমেরিকা

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি প্রমাণিত তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে দেশটির সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ দ্বিগুণের বেশি হবে, তেল সরবরাহ বাড়বে এবং দেশটিতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমবে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে। চুক্তির আওতায় ভেনেজুয়েলার ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। এসব তেলক্ষেত্রে ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি প্রমাণিত তেল মজুদ রয়েছে। প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এবং ভেনেজুয়েলা সরকারের জন্য ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর রাজস্ব আসতে পারে বলে জানিয়েছেন রদ্রিগেজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে। এতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে এবং দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে। একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলায় একটি অভিজ্ঞ বেসরকারি তেল কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র সরকার ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ রাখবে। এই যৌথ উদ্যোগকে তেলক্ষেত্রগুলো পরিচালনার জন্য ১০০ বছরের অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনো প্রকাশ করা হয়নি। ফলে এর সুনির্দিষ্ট শর্ত এবং ভেনেজুয়েলার আইন ও সংবিধানের সঙ্গে এটি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা এখনো স্পষ্ট নয়। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। দেশটির মোট প্রমাণিত তেল মজুদের পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর দেশটির তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হন। এরপর ট্রাম্প বলেছিলেন, রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির তেল বিক্রির ওপর নিয়ন্ত্রণ রাখবে। ভেনেজুয়েলার তেল শিল্প পুনরুদ্ধারে মার্কিন তেল কোম্পানিগুলোকে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম