আমেরিকা

ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মিনেসোটা অঙ্গরাজ্যে এক ভেনেজুয়েলীয় অভিবাসীকে গুলি করার ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রোর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ছয়টি অভিযোগে তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ১৪ জানুয়ারি ওই গুলির ঘটনা ঘটে। শুরুতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দাবি করেছিল, তিন ভেনেজুয়েলীয় অভিবাসী কোদাল ও ঝাড়ুর হাতল দিয়ে কাস্ত্রোর ওপর হামলা করলে আত্মরক্ষার্থে তিনি গুলি চালান। তবে মিনেসোটার তদন্তকারীদের দাবি, ঘটনাটি ভিন্ন। তাদের মতে, কাস্ত্রো একটি বন্ধ দরজার ভেতর দিয়ে গুলি চালান। এতে এক ভেনেজুয়েলীয় ব্যক্তির পায়ে গুলি লাগে। ঘটনার সময় কাস্ত্রোসহ হাজার হাজার ফেডারেল অভিবাসন কর্মকর্তা ‘অপারেশন মেট্রো সার্জ’-এর আওতায় মিনেসোটায় মোতায়েন ছিলেন। এই অভিযানকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় এজেন্টদের সঙ্গে সংঘর্ষে দুই মার্কিন নাগরিকের মৃত্যুও ঘটে। গুলির ঘটনায় কাস্ত্রোর বিরুদ্ধে মিনেসোটায় আলাদাভাবে হামলা ও মিথ্যা অভিযোগ জানানোর মামলা রয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ ভেনেজুয়েলীয় ব্যক্তি এবং আরেক অভিবাসীর বিরুদ্ধেও প্রথমে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা ও বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশের পর কর্মকর্তাদের দেওয়া ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ফেডারেল প্রসিকিউটররা তদন্ত শুরু করেন। ফেব্রুয়ারিতে আইসিই জানায়, দুই অভিবাসন কর্মকর্তা গুলির ঘটনা নিয়ে ‘অসত্য বক্তব্য’ দিয়ে থাকতে পারেন। পরে তাদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। নতুন প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে পরে ওই দুই অভিবাসীর বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করা হয়। কাস্ত্রোকে গত মে মাসে টেক্সাসে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় তিন মাস আটক থাকার পর গত সপ্তাহে তিনি মুক্তি পান। মিনেসোটার কর্মকর্তারা তাকে বিচারের মুখোমুখি করতে টেক্সাস থেকে ফেরত পাঠানোর আবেদন করলেও টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট তা অনুমোদন করেননি। মিনেসোটার কর্মকর্তাদের ভাষ্য, কাস্ত্রো একটি বাড়ির সামনের দরজা দিয়ে গুলি চালানোর সময় জানতেন যে কিছু মানুষ মাত্রই সেখানে ঢুকেছে। গুলি দরজা ভেদ করে একজনের পায়ে লাগে এবং পরে একটি শিশুর ঘরের দেয়ালে গিয়ে আঘাত করে। মিনেসোটার শীর্ষ প্রসিকিউটর কিথ এলিসন কাস্ত্রোর বিরুদ্ধে ফেডারেল অভিযোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এই অভিযোগপত্রে মিনেসোটায় কাস্ত্রোর বিরুদ্ধে থাকা ‘সহিংস অপরাধের পুরো গুরুত্ব’ প্রতিফলিত হয়নি। ফেডারেল মামলার পাশাপাশি মিনেসোটায় কাস্ত্রোর বিরুদ্ধে চলমান মামলাও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এলিসনের দপ্তর।

এলএবাংলাটাইমস/ওএম