আমেরিকা

২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

কম দাম, সাধারণ নকশা আর বৈদ্যুতিক শক্তি—এই তিন বৈশিষ্ট্যকে সামনে রেখে বাজারে নতুন ইলেকট্রিক পিকআপ আনছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ কোম্পানি স্লেট। গাড়িটির প্রাথমিক দাম ২৬ হাজার ডলারের কিছু বেশি নির্ধারণ করা হয়েছে। জেফ বেজোসের প্রতিষ্ঠিত এই স্টার্টআপের তৈরি স্লেট ইভি যুক্তরাষ্ট্রেই উৎপাদন করা হবে। গাড়িটির একক ও সাধারণ কনফিগারেশন থাকবে। একবার পুরো চার্জে গাড়িটি প্রায় ২০৫ মাইল বা ৩৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে। স্লেটের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা জেফ জ্যাবলানস্কি বলেন, বর্তমানে গাড়িগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। স্লেটের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় সুবিধাগুলো বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। গাড়িটির সবচেয়ে সাধারণ সংস্করণে থাকবে ছোট আকারের পিকআপ ও দুই দরজার স্ট্যান্ডার্ড ক্যাব। তবে ক্রেতারা চাইলে এটিকে এসইউভিতে রূপান্তর করতে পারবেন। এর জন্য আলাদা কিট পাওয়া যাবে, যাতে গাড়িতে পূর্ণ ছাদ ও পেছনের আসন যুক্ত করা যাবে। এ ছাড়া গাড়িটি নিজের পছন্দ অনুযায়ী সাজানোর সুযোগও থাকছে। বিভিন্ন ধরনের আনুষঙ্গিক সরঞ্জাম ও নানা রঙের র‍্যাপ ব্যবহার করে গাড়ির চেহারা বদলানো যাবে। গাড়িটির মূল বডি প্যানেল তৈরি হবে ধূসর রঙের কম্পোজিট উপাদান দিয়ে। জ্যাবলানস্কি জানান, গাড়িতে কোনো পেইন্ট ব্যবহার করা হবে না। আলাদা পেইন্ট কারখানা স্থাপন না করায় উৎপাদন খরচ কয়েকশ মিলিয়ন ডলার কমানো সম্ভব হয়েছে। পিকআপ ট্রাক ইলেকট্রিক গাড়ি তৈরির জন্যও সুবিধাজনক। কারণ যাত্রীদের বসার জায়গা ও পিকআপের পেছনের বেডের নিচে বড় জায়গা থাকায় সেখানে ব্যাটারি প্যাক বসানো যায়। তবে এখন পর্যন্ত বাজারে বেশিরভাগ ইলেকট্রিক পিকআপের দাম অনেক বেশি। ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতাদের কয়েকটি পরিকল্পনাও সম্প্রতি পরিবর্তন হয়েছে। ফোর্ড গত বছরের শেষ দিকে তাদের বৈদ্যুতিক এফ-১৫০ লাইটনিংয়ের উৎপাদন বন্ধ করে দেয়। অন্যদিকে র‍্যাম তাদের পরিকল্পিত ইভি পিকআপের প্রকল্প প্রোটোটাইপ পর্যায়েই স্থগিত করেছে। তবে দুই কোম্পানিই ভবিষ্যতে গ্যাসোলিন ইঞ্জিনের রেঞ্জ এক্সটেন্ডারসহ নতুন ইভি ট্রাক আনার পরিকল্পনা করছে। শেভ্রোলেট অবশ্য তুলনামূলক ব্যয়বহুল সিলভেরাডো ইভি নিয়ে এগিয়ে যাচ্ছে। এর ট্রেইল বস সংস্করণের দাম শুরু হচ্ছে প্রায় ৭০ হাজার ডলার থেকে। অফ-রোড ব্যবহারের উপযোগী এই গাড়িতে পণ্য বহনের জন্য বাড়তি সুবিধাও রয়েছে। কম দামের বাজার ধরতে ফোর্ডও নতুন একটি মাঝারি আকারের বৈদ্যুতিক পিকআপ আনছে। ফ্যাথম নামের গাড়িটির প্রাথমিক দাম ৩০ হাজার ডলারের নিচে রাখার পরিকল্পনা করা হয়েছে। সরলীকৃত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে খরচ কমানোর পাশাপাশি ভবিষ্যতে একই ব্যবস্থায় বৈদ্যুতিক এসইউভিও তৈরি করা হবে। এদিকে বাজারে আসার আগেই স্লেটের গাড়ি নিয়ে ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে। কোম্পানিটি গত জুনে প্রি-অর্ডার নেওয়া শুরু করে। জ্যাবলানস্কির দাবি, প্রি-অর্ডার শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যে ১০ হাজার মানুষ স্লেট ট্রাক কেনার আগ্রহ প্রকাশ করে অগ্রিম অর্থ জমা দেন। কম দাম, সহজ নকশা ও ব্যবহারিক সুবিধার কারণে নতুন এই ইলেকট্রিক পিকআপ বাজারে কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।