মিসৌরি অঙ্গরাজ্যের প্ল্যাট কাউন্টির দীর্ঘদিনের প্রসিকিউটর এরিক জান্ডকে কাউন্টি আদালত ভবনের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
৫৩ বছর বয়সী জান্ড ২০০২ সাল থেকে প্ল্যাট কাউন্টির প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন কাউন্টিটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রসিকিউটর।
তার মৃত্যুর পর আদালত ভবনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং শুক্রবারও সেটি নিরাপত্তার কারণে বন্ধ ছিল।
কর্তৃপক্ষ এখনো তার মৃত্যুর বিস্তারিত কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, আদালত ভবনের ভেতরেই তিনি নিজের জীবন শেষ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জান্ড চলতি বছরের শুরুতে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না। নির্বাচনে প্রার্থী হওয়ার আবেদন জমা দেওয়ার শেষ সময়ের মাত্র কয়েক মিনিট আগে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এর আগে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে এপ্রিলে দেওয়া এক বক্তব্যে জান্ড বলেছিলেন, দুই দশকের বেশি সময় জনগণের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য বড় সম্মান ও দায়িত্বের বিষয় ছিল। একই সঙ্গে তিনি বলেছিলেন, এই চাকরি তার জীবনে ‘অনেক আনন্দের পাশাপাশি যথেষ্ট কষ্টও’ এনেছে।
দীর্ঘ কর্মজীবনে জান্ড মিসৌরির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় ভূমিকা রাখেন। শিশু ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির বিধান করা ‘জেসিকার ল’ পাসের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ছাড়া কানসাস সিটি চিফসের তিন সমর্থকের রহস্যজনক মৃত্যুসহ রাজ্যের আলোচিত কয়েকটি মামলার সঙ্গেও তার নাম জড়িত ছিল। ওই তিন ব্যক্তি একটি ম্যাচ দেখার পর একটি বাড়ির বাগানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন।
২০১৪ সালে জান্ডকে মিসৌরির ‘প্রসিকিউটর অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও রাজ্যের কর্মকর্তারা শোক জানিয়েছেন। মিসৌরির অ্যাটর্নি জেনারেল ক্যাথরিন হ্যানাওয়ে বলেন, জান্ড ছিলেন অসাধারণ চরিত্র ও সততার অধিকারী একজন সরকারি কর্মকর্তা, যিনি নিজের এলাকার মানুষের প্রতি গভীরভাবে দায়িত্বশীল ছিলেন।
ক্লে কাউন্টির প্রসিকিউটর জ্যাকারি থম্পসনও জান্ডকে ন্যায়বিচারের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে স্মরণ করেছেন। তিনি বলেন, দুই দশকের বেশি সময় ধরে জান্ড নিষ্ঠা ও সততার সঙ্গে প্ল্যাট কাউন্টির মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করেছেন।
জান্ডের মৃত্যুতে তার স্ত্রী ট্রেসি এবং দুই ছেলে বেঞ্জামিন ও লুকসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কর্মকর্তারা।
তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।