আমেরিকা

ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

ফ্লোরিডা অঙ্গরাজ্যে লেকের ধারে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী এক ব্যক্তির মৃ ত্যু হয়েছে। শুক্রবার বিকেলে অঙ্গরাজ্যের উইন্টার গার্ডেন শহরের একটি পার্কে এ ঘটনা ঘটে। প্রায় ১২ ফুট লম্বা একটি কুমির হঠাৎ পানির কিনারে উঠে এসে ওই ব্যক্তির ওপর আক্রমণ চালায়। পরে তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ ক্যাপ্টেন মাইকেল ম্যাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে অরল্যান্ডো শহরের কয়েক মাইল পশ্চিমে অবস্থিত ড. ব্র্যাডফোর্ড মেমোরিয়াল পার্কে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি লেক অ্যাপোপকার কাছে মাছ ধরছিলেন। এ সময় কুমিরটি পানির কিনারে উঠে এসে তার ওপর আক্রমণ চালায়। ফ্লোরিডার বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা কমিশনের (এফডব্লিউসি) তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যজুড়ে প্রায় ১৩ লাখ কুমির রয়েছে। এত বিপুলসংখ্যক কুমিরের উপস্থিতি সত্ত্বেও মানুষের ওপর প্রাণঘাতী আক্রমণের ঘটনা তুলনামূলকভাবে বিরল। পুলিশ ক্যাপ্টেন মাইকেল ম্যাসন বলেন, লেক অ্যাপোপকায় প্রচুর কুমির রয়েছে। তাই শহরের এই অংশে কুমির দেখা যাওয়া অস্বাভাবিক নয়। তবে বন্যপ্রাণীর উপস্থিতি পরিচিত হলেও সেগুলোর কাছাকাছি যাওয়া বিপজ্জনক হতে পারে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণের নিরাপত্তার জন্য কুমিরটিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। পরে প্রশিক্ষিত ফাঁদ পাতা কর্মীরা সেটিকে মেরে ফেলেন বলে জানান ম্যাসন। তিনি বাসিন্দাদের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় বন্যপ্রাণীকে সম্মান করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কুমিরকে শান্ত বা নিরীহ মনে হলেও সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে জলাশয়ের আশপাশে চলাফেরা করার সময় সতর্ক থাকা জরুরি। কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, আক্রমণের পর কুমিরটি ওই ব্যক্তিকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত ও পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বন্যপ্রাণী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বছর ফ্লোরিডায় দ্বিতীয় প্রাণঘাতী ঘটনা চলতি বছরে ফ্লোরিডায় কুমিরের আক্রমণে মানুষের মৃ ত্যুর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত জুনে অরল্যান্ডোর কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় ৩১ বছর বয়সী এক নারী কুমিরের আক্রমণে প্রাণ হারান। ফ্লোরিডার অনেক এলাকায় কুমিরের দেখা পাওয়া সাধারণ ঘটনা। বিশেষ করে লেক, নদী এবং ঘাসে ঢাকা জলাভূমির আশপাশে এদের বিচরণ বেশি। এসব স্থানে মাছ ধরা, হাঁটাহাঁটি কিংবা সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। এফডব্লিউসির পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফ্লোরিডায় কুমিরের আক্রমণের মোট ৫০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩২টি ঘটনা প্রাণঘাতী ছিল। বিশেষজ্ঞদের মতে, কুমির সাধারণত জলাশয়ের আশপাশে অবস্থান করে এবং সুযোগ পেলে শিকারকে আক্রমণ করতে পারে। তাই কুমিরের উপস্থিতি রয়েছে এমন স্থানে পানির খুব কাছে না যাওয়া, কুমিরকে খাবার না দেওয়া এবং শিশু ও পোষা প্রাণীদের বিশেষ নজরদারিতে রাখা জরুরি।a