যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা ও কৃষিশ্রমিকদের অধিকারকর্মী ডোলোরেস হুয়ের্তা মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ৯৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ডোলোরেস হুয়ের্তা যুক্তরাষ্ট্রের কৃষিশ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬২ সালে শ্রমিক নেতা সিজার শাভেজের সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ন্যাশনাল ফার্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, যা পরবর্তী সময়ে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স (ইউএফডব্লিউ) নামে পরিচিতি পায়। সংগঠনটি কৃষিশ্রমিকদের ন্যায্য মজুরি, উন্নত কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন আন্দোলন চালায়।
১৯৬০ ও ১৯৭০-এর দশকে ক্যালিফোর্নিয়ার কৃষিপ্রধান এলাকায় শ্রমিকদের অধিকার আদায়ে ধর্মঘট, বর্জন কর্মসূচি ও প্রতিবাদে নেতৃত্ব দেন হুয়ের্তা। তাঁর প্রচেষ্টায় কৃষিশ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, অবসরকালীন সুবিধা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন জোরদার হয়। মাঠে বিশ্রামের সুযোগ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার এবং ক্ষতিকর কীটনাশক থেকে সুরক্ষার মতো বিষয়ও শ্রমিকদের দাবির অংশ হয়ে ওঠে।
হুয়ের্তার সঙ্গে বহুল পরিচিত হয়ে ওঠে স্প্যানিশ স্লোগান ‘সি, সে পুয়েদে’, যার অর্থ ‘হ্যাঁ, আমরা পারব’। পরবর্তী সময়ে স্লোগানটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। ২০০৮ সালের নির্বাচনী প্রচারেও বারাক ওবামা একই স্লোগান ব্যবহার করেন।
শ্রমিক অধিকার আন্দোলনের পাশাপাশি হুয়ের্তা অভিবাসীদের অধিকার, নারীর অধিকার, ভোটার নিবন্ধন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেছেন। নব্বইয়ের দশক পেরিয়েও তিনি বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এবং দেশের বিভিন্ন স্থানে বক্তব্য দেন।
২০০২ সালে তিনি ডোলোরেস হুয়ের্তা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন, নাগরিক অংশগ্রহণ এবং সামাজিক পরিবর্তনের পক্ষে কাজ চালিয়ে যান তিনি।
২০১২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেন।
হুয়ের্তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই মৃত্যু তাদের জন্য গভীর শোকের। শোক কাটিয়ে ওঠার জন্য তারা ব্যক্তিগত সময় চেয়েছে এবং তাঁর জীবন ও অবদান স্মরণে পরবর্তী কর্মসূচির কথা জানাবে বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের শ্রমিক অধিকার ও নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসে ডোলোরেস হুয়ের্তার দীর্ঘদিনের সংগ্রাম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।