বাংলাদেশ

আন্দোলনের মধ্যেই কাভার্ডভ্যানের চাপায় ছাত্রী নিহত

দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন নিহতের খবর নিশ্চিত করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে চালককে পিটুনি দেয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

নিহত শিক্ষার্থীর নাম ফারজানা আলম মীম (১৯)। মীম টঙ্গী শফিউদ্দীন সরকার একাডেমির একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের পর গাজীপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরা বেগম জানান, ফারজানা আলম মীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।