বাংলাদেশ

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ৯৭ মামলা

রাজধানীতে ২০ বছরের পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৯৭টি মামলা করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে ছয় চালকের দণ্ড এবং কয়েকজনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মামলা, জরিমানা এবং কারাদণ্ডের আদেশ দেয়া হয়। ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম, ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার ও খান মো. নাজমুস শোয়েব।

ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী জানান, রাজধানীর পল্টন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় তিনটি পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও পুরনো গাড়ির মালিকের বিরুদ্ধে ৯৭টি মামলা করা হয়েছে।
 
একই সঙ্গে কয়েকজনকে দুই লাখ ৫ হাজার ৪০০ টাকা জরিমানা ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ছয় চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একটি গাড়ি ডাম্পিং করা হয়েছে বলেও জানান তিনি।
 
ডিএসসিসি সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ৫ মার্চ থেকে এ অভিযান শুরু হয়েছে, যা অব্যাহত থাকবে। অভিযানে গাড়ির পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে গাড়ির ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেনও।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি