বাংলাদেশ

রাজধানীতে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলা নিহত ১, আইএস’র দায় স্বীকার

রাজধানীর উত্তরার হাজীক্যাম্পের পাশে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণে হামলাকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নারীসহ পাঁচ জনের মৃত্যুর পর দিনই এই ঘটনা ঘটলো।

শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব এবং পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, নিহত ব্যক্তি বোমাটি বহন করে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ২ র‍্যাব সদস্য আহত হয়েছেন।তিনি বলেন, হামলার উদ্দেশে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন, এ সময় বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এদিকে আত্মঘাতী এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি।

গোষ্ঠির সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।

আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি