লস এঞ্জেলেস

সান বার্নার্ডিনো কাউন্টিতে মাকে আক্রমণের পর ৭ মাসের শিশু নিখোঁজ

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে ৭ মাস বয়সী এক শিশু অপহরণের ঘটনায় পরিবার জনসাধারণের সহায়তা চেয়েছে। ঘটনাটি ঘটে ১৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে, ইউকাইপায়। রেবেকা হারো জানান, তিনি তার স্বামী ও আরও দুই সন্তানকে নিয়ে স্থানীয় এক পার্কে ছেলের ফুটবল প্র্যাকটিসে যান। পরে বড় ছেলের জন্য মাউথগার্ড কিনতে তিনি ইউকাইপা বুলেভার্ডের ৩৪০০০ ব্লকে অবস্থিত বিগ ৫ স্পোর্টিং গুডস দোকানে যান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে ইমানুয়েল হারো। রেবেকা জানান, গাড়িতে পৌঁছে তিনি বুঝতে পারেন শিশুটি ডায়াপার নোংরা করেছে। তাই গাড়ির সিটের পাশে তাকে শুইয়ে ডায়াপার পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি অপরিচিত কণ্ঠস্বর শোনার পর তিনি অচেতন হয়ে পড়েন। “কেউ বলল ‘হোলা’। এরপর কিছুই মনে নেই,” কাঁদতে কাঁদতে বলেন রেবেকা। “চোখ খুলে দেখি আমি মাটিতে, আর ইমানুয়েল নেই।” চেতনা ফেরার পর তার চোখে আঘাতের চিহ্ন ছিল এবং শিশুটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি তড়িঘড়ি গাড়ির চারপাশে খোঁজেন, পরে দোকানে ঢুকে সাহায্য চান এবং পুলিশকে ফোন করেন। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের ডেপুটিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুকুর ও হেলিকপ্টার ব্যবহার করে শিশুটিকে খোঁজার চেষ্টা চালান। কিন্তু এখনও ইমানুয়েলকে পাওয়া যায়নি। শিশুর বাবা জেক হারো বলেন, “আমাদের কোনো শত্রু নেই। আমরা বুঝতে পারছি না কে আমাদের সন্তানকে নিয়ে গেল। যে নিয়েছে, অনুগ্রহ করে ফিরিয়ে দিন। আমরা কিছু করব না, শুধু আমাদের ছেলেকে চাই। তাকে নিরাপদে রাখুন, খাওয়ান, আঘাত দেবেন না।” রেবেকাও অনুরোধ জানিয়ে বলেন, “যদি কেউ কিছু জানেন, দয়া করে এগিয়ে আসুন অথবা তাকে পুলিশের কাছে দিয়ে আসুন। আমি অনুরোধ করছি, আমার ছেলেকে ফিরিয়ে দিন।” শিশুটির বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা প্রায় ২৪ ইঞ্চি, ওজন ২১ পাউন্ড, বাদামি চুল ও চোখ। তার চোখ কিছুটা বাঁকা (cross-eyed)। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের নাইকি ওয়ানসিজ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মামলায় কোনো সন্দেহভাজন বা যানবাহনের বর্ণনা না থাকায় অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয়নি। এদিকে শুক্রবার রাতে পরিবার ও বন্ধুদের নিয়ে শিশুটিকে খুঁজতে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। যে কেউ ইমানুয়েলের অবস্থান সম্পর্কে তথ্য জানলে ৯১১ অথবা SBSD Sheriff’s Dispatch (909-387-8313) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম