যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি লিকার স্টোরে কর্মীরা শনিবার কাজে এসে চমকে যান। দোকানটি বন্ধ থাকার সুযোগে একটি র্যাকুন ভেঙে ঢুকে স্কচসহ বিভিন্ন মদ পান করে অচেতন হয়ে পড়ে ছিল।
স্টোরের কর্মীরা জানান, “মাস্ক পরা চোর”—এই র্যাকুনটিকে বাথরুমে টয়লেট ও ডাস্টবিনের মাঝখানে অচেতন অবস্থায় পাওয়া যায়। নিচের তাকের বোতলগুলো ভেঙে সে নিজে থেকেই মদ খেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারের কর্মকর্তা সামান্থা মার্টিন ঘটনাস্থলে এসে এই “সন্দেহভাজনকে” উদ্ধার করে নিয়ে যান—তবে তার আগে র্যাকুনটিকে কিছুটা সোবার হতে সময় দেওয়া হয়। কয়েক ঘণ্টা ঘুমানোর পর ও শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়ায় (সম্ভবত হ্যাংওভার ছাড়া) প্রাণীটিকে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়।
স্টোরটি থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ ছিল, আর সেই সময়েই ঘটে এ “ব্ল্যাক ফ্রাইডে ব্রেক-ইন”। শনিবার কর্মীরা এসে ভাঙা বোতল, মেঝেতে ছড়ানো মদ এবং স্কচের গন্ধে ভরা দোকান দেখতে পান।
অফিসার মার্টিন জানান, র্যাকুনটি ছাদের একটি টাইল ভেঙে ভেতরে পড়ে এবং এরপর “পুরোদস্তুর তাণ্ডব চালিয়ে যা পেয়েছে তাই খেয়েছে।” সিসিটিভিতে পাওয়া একমাত্র ঝাপসা ছবিতে দেখা যায় ঘটনার আংশিক দৃশ্য, তবে ঠিক কতটা মদ সে পান করেছে তা জানা সম্ভব হয়নি।
সোশ্যাল মিডিয়া পোস্টে স্টোর কর্তৃপক্ষ প্রাণী নিয়ন্ত্রণ দলের পেশাদারিত্বের প্রশংসা করে এবং তাদের “সোবর রাইড হোম” দেওয়ার জন্য ধন্যবাদ জানায়।
অফিসার মার্টিন মজা করে বলেন, “একজন অ্যানিমাল কন্ট্রোল অফিসারের জীবনে এ তো আরেকটা সাধারণ দিন।”
এলএবাংলাটাইমস/ওএম