লস এঞ্জেলেস

ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বারব্যাঙ্কে একটি ই-মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলামেডা অ্যাভিনিউ ও হলিউড ওয়ে মোড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে একটি ই-মোটরসাইকেল থেকে ছিটকে পড়া এক নারী ও এক পুরুষকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর ওই পুরুষের মৃত্যু হয়। আহত নারী বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ই-মোটরসাইকেলটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। বারব্যাঙ্ক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ছে। তাই চালক ও অভিভাবকদের এসব যানবাহন পরিচালনার আইন সম্পর্কে সচেতন থাকা, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে যান চালানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত সেডান গাড়ির চালক ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছেন। তার মধ্যে মাদক বা অ্যালকোহলের প্রভাবের কোনো লক্ষণ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত এখনও চলছে। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে বারব্যাঙ্ক পুলিশ বিভাগের তদন্ত শাখায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম