লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জনপ্রিয় ‘ডেলটোপিয়া’ পার্টি বন্ধে নিষেধাজ্ঞা অনুমোদন

জননিরাপত্তা ঝুঁকি, জরুরি সেবার ওপর অতিরিক্ত চাপ এবং অতীতে শত শত গ্রেপ্তার ও মামলার প্রেক্ষিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বহুল আলোচিত ‘ডেলটোপিয়া’ স্ট্রিট পার্টি বন্ধে ৭২ ঘণ্টার উৎসব নিষেধাজ্ঞা অনুমোদন করেছে সান্তা বারবারা কাউন্টি কর্তৃপক্ষ। এ সপ্তাহে সান্তা বারবারা কাউন্টি বোর্ড অব সুপারভাইজারস সর্বসম্মতভাবে এ অধ্যাদেশ অনুমোদন করে। নতুন নিয়ম অনুযায়ী, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা (ইউসিএসবি)-এর স্প্রিং কোয়ার্টারের প্রথম সপ্তাহান্তে—যে সময়টিকে ঐতিহ্যগতভাবে ডেলটোপিয়ার সঙ্গে যুক্ত করা হয়—ইসলা ভিসতায় অনুমোদনহীন যেকোনো বড় সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে দ্য সান্তা বারবারা ইন্ডিপেনডেন্ট। কাউন্টি কর্মকর্তারা জানান, প্রতিবছর ক্লিফসংলগ্ন এই স্ট্রিট পার্টিতে হাজার হাজার মানুষ জড়ো হয়। এর ফলে গ্রেপ্তার, জরুরি চিকিৎসা কল এবং জননিরাপত্তা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, ডেলটোপিয়া সপ্তাহান্তে জরুরি চিকিৎসা সেবার কল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। ইসলা ভিসতা ফুট প্যাট্রোলের লেফটেন্যান্ট জো শ্মিট বোর্ডকে জানান, এ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরেই এলাকার জন্য একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি। জরুরি চিকিৎসা কর্মকর্তারা জানান, ডেলটোপিয়া চলাকালে ইএমএস কলের সংখ্যা সাধারণ শনিবারের তুলনায় সর্বোচ্চ ৬০ গুণ পর্যন্ত বেড়েছে। শেরিফ ও দমকল বিভাগের তথ্যমতে, ২০২৩ সাল থেকে এ ধরনের অনুষ্ঠান সামাল দিতে কাউন্টিকে অতিরিক্ত সময় বাবদ ৪ লাখ ৬৫ হাজার ডলারের বেশি খরচ করতে হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, তবে সরকারিভাবে অনুমোদিত কোনো আয়োজন হলে তা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেমন—ইসলা ভিসতা কমিউনিটি সার্ভিসেস ডিস্ট্রিক্টের মাধ্যমে আয়োজিত কোনো অনুষ্ঠান অনুমতি পেতে পারে। এদিকে, বেশ কয়েকজন শিক্ষার্থী নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেন, এতে পার্টি বন্ধ হবে না; বরং তা গোপনে বা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াবে বলে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে। ইউসিএসবি অ্যাসোসিয়েটেড স্টুডেন্টসের বহির্বিষয়ক সহ-সভাপতি ইজে রাদ বলেন, অতীতে অনুমোদনহীন আয়োজন নিষিদ্ধ করার চেষ্টা নতুন ধরনের বড় জমায়েতের জন্ম দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, প্রায় দুই দশক আগে ডেলটোপিয়া শুরু হয়েছিল ‘ফ্লোটোপিয়া’ নামে—যেখানে শিক্ষার্থীরা সৈকত ও সমুদ্রের ওপর ভেলা ও টিউবে ভেসে পার্টি করত। রাদ বলেন, “ডেলটোপিয়া শুরু হয়েছিল ফ্লোটোপিয়া হিসেবে—একটি অনুমোদনহীন সৈকত উৎসব। একটি অধ্যাদেশ সেটি বন্ধ করেছিল। ফল কী হয়েছিল? শিক্ষার্থীরা ডেলটোপিয়া তৈরি করে।” ‘ডেলটোপিয়া’ নামে অনুষ্ঠানটি ২০১৪ সালে সবচেয়ে সহিংস রূপ নেয়, যখন দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং ২০ হাজারের বেশি অংশগ্রহণকারীর মধ্যে—শিক্ষার্থী ও বাইরের লোকজনসহ—ডজনখানেককে গ্রেপ্তার বা জরিমানা করা হয়। এরপর থেকে কর্তৃপক্ষ পার্কিং সীমাবদ্ধতা ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পার্টিকে “স্থানীয় পর্যায়ে” সীমিত রাখার চেষ্টা করে আসছে। এ সপ্তাহের বৈঠকে রাদ আরও জানান, শিক্ষার্থী সংগঠনগুলো ক্ষতি কমাতে নানা উদ্যোগ নিয়েছে—এর মধ্যে নারক্যান বিতরণ এবং সংগঠিত চিকিৎসা সহায়তার বিষয়টি অনুসন্ধান করা রয়েছে। ইসলা ভিসতা কমিউনিটি সার্ভিসেস ডিস্ট্রিক্টের কমিউনিটি প্রোগ্রাম ও এনগেজমেন্ট পরিচালক মায়াহ মাশহাদিয়ালিরেজা কাউন্টিকে কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, সমন্বিত কোনো অনুষ্ঠান ছাড়া প্রতিবছরের এই বিশাল জনসমাগম নিরাপদভাবে সামাল দেওয়ার মতো অবকাঠামো ইসলা ভিসতায় নেই। সুপারভাইজার লরা ক্যাপস বলেন, জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত ও অনুমোদিত বিকল্প আয়োজনের দিকে কাউন্টির এগোনো উচিত, যাতে জরুরি সেবার যথাযথ প্রস্তুতি নেওয়া যায়। এই ভোটটি সংশোধিত অধ্যাদেশের প্রথম পাঠ ছিল। চূড়ান্ত ও দ্বিতীয় ভোট ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটি পাস হলে, চলতি বছরের ডেলটোপিয়া সপ্তাহান্তের আগেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।   এলএবাংলাটাইমস/ওএম