লস এঞ্জেলেস

মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনের প্রাইমারিতে পরাজয়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান রাজনীতিক ও সাবেক রিয়েলিটি টিভি তারকা স্পেন্সার প্র্যাট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “শহরের জন্য সামনে কতটা খারাপ সময় আসছে, তা মানুষের কোনো ধারণাই নেই।” “সেভিং এলএ – ফেজ থ্রি” শিরোনামের ভিডিওতে প্র্যাট জানান, তিনি লস এঞ্জেলেস ছেড়ে যাচ্ছেন না এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকবেন। ভিডিওতে তিনি বলেন, “তোমরা ভেবেছিলে এত সহজে আমাকে সরিয়ে দিতে পারবে? আমি রাজনৈতিক ক্ষমতার জন্য নির্বাচনে নামিনি। আমি এসেছিলাম দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মুখোশ উন্মোচন করতে, আর সেটি এখনও বদলায়নি।” এরপর আরও কড়া ভাষায় তিনি বলেন, “এখন আমার কোনো প্রচারণা নেই, কাউকে খুশি রাখারও দরকার নেই। এখন যুদ্ধ।” প্রায় তিন মিনিটের ভিডিওটিতে চলচ্চিত্র, সংবাদ সম্প্রচার এবং ইউএফসি লড়াইয়ের বিভিন্ন দৃশ্য ব্যবহার করা হয়। ভিডিওজুড়ে প্র্যাট লস এঞ্জেলেসকে একটি সংকটগ্রস্ত শহর হিসেবে তুলে ধরেন। তিনি বর্তমান মেয়র কারেন বাস এবং সিটি কাউন্সিল সদস্য নিথ্যা রমন-এর তীব্র সমালোচনা করেন। তাদের ছবি দেখিয়ে প্র্যাট বলেন, “লস এঞ্জেলেসের মানুষ এখন এমন দুজনের মধ্যে বেছে নিতে বাধ্য, যাদের তিনি শহরের সমস্যার জন্য দায়ী মনে করেন।” প্র্যাট আরও অভিযোগ করেন, এই দুই নেতার নেতৃত্বে শহরের সমস্যাগুলো আরও বেড়ে যাবে। তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণার সময় তারা ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছেন এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করবেন। ভিডিওতে তিনি ইঙ্গিত দেন যে, তাদের কাছে একজন প্রার্থীর এমন একটি অডিও রেকর্ডিং রয়েছে, যা প্রকাশ হলে ওই প্রার্থী পদত্যাগ করতে বাধ্য হতে পারেন। তবে তিনি স্পষ্ট করে বলেননি সেটি কারেন বাস নাকি নিথ্যা রমনের বিরুদ্ধে। প্র্যাট তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু প্যালিসেডস অগ্নিকাণ্ড-এর বিষয়টিও তুলে ধরেন। ওই অগ্নিকাণ্ডে তার নিজস্ব বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি বলেন, “গত ১৭ মাস ধরে আমার মা এবং প্যালিসেডস এলাকার প্রতিবেশীরা শান্তিতে ঘুমাতে পারেননি।” প্র্যাটের দাবি, অনেক বড় ব্যবসায়ী, হোটেল মালিক ও উদ্যোক্তা লস এঞ্জেলেস ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এতে শহরের কর আয় কমবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে এবং জনসেবা সংকুচিত হবে। তার ভাষায়, “এর ফলে আরও ভাঙা রাস্তা, কম দমকলকর্মী, কম পুলিশ টহল, বেশি অপরাধ এবং মাদকাসক্তদের উপদ্রব দেখা যাবে।” লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে প্র্যাট, কারেন বাস ও নিথ্যা রমন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পর্যাপ্ত ভোট না পাওয়ায় প্র্যাট চূড়ান্ত নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েন। সর্বশেষ ফল অনুযায়ী, নিথ্যা রমন পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৩৩৩ ভোট, আর স্পেন্সার প্র্যাট পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ৭৮৩ ভোট। অন্যদিকে বর্তমান মেয়র কারেন বাস এখনও এগিয়ে থাকলেও তিনি মোট ভোটের ৩৫ শতাংশের কম পেয়েছেন, যা বিশ্লেষকদের মতে তার জন্য সতর্কবার্তা। আগামী নভেম্বরে অনুষ্ঠিত চূড়ান্ত নির্বাচনে লস এঞ্জেলেসের ভোটাররা সিদ্ধান্ত নেবেন কারেন বাস মেয়র পদে বহাল থাকবেন, নাকি নিথ্যা রমন শহরের নতুন নেতৃত্বে আসবেন।   এলএবাংলাটাইমস/ওএম