যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডাগ এমহফ শনিবার ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বার ও রেস্তোরাঁ দ্য অ্যাবিতে আকস্মিক সফর করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেস্তোরাঁয় ঘোষণা দেওয়া হয় যে কমলা হ্যারিস ও ডাগ এমহফ সেখানে উপস্থিত রয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই অতিথিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উপস্থিত অতিথিরা করতালি ও উল্লাসের মাধ্যমে হ্যারিসকে স্বাগত জানান। অনেকেই তার সঙ্গে করমর্দন করেন এবং ছবি তোলার অনুরোধ জানান।
রেস্তোরাঁর ভেতর দিয়ে হাঁটার সময় হ্যারিসকে উপস্থিত অতিথিদের উদ্দেশে “হ্যাপি প্রাইড!” বলতে শোনা যায়। এ সময় তাকে ঘিরে থাকা লোকজনের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, রেস্তোরাঁর কর্মীদের তাদের শিফট শুরু হওয়ার অল্প কিছু সময় আগে জানানো হয়েছিল যে কমলা হ্যারিস ও ডাগ এমহফ সেখানে আসবেন।
দ্য অ্যাবি যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত এলজিবিটিকিউ+ কেন্দ্রিক বার হিসেবে পরিচিত। ১৯৯১ সালে এটি একটি ছোট কফি হাউস হিসেবে যাত্রা শুরু করেছিল। পরে ধীরে ধীরে এটি বড় আকারের বার, রেস্তোরাঁ ও নাইটক্লাবে পরিণত হয় এবং ওয়েস্ট হলিউডের একটি আইকনিক স্থানে পরিণত হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম