লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত একটি পরীক্ষামূলক মিশনে অংশ নিতে গিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। উড্ডয়নের পরপরই এটি রানওয়েতে আছড়ে পড়ে এবং আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস বলেন, “আজ আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।” নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিমানটি বিমানঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচির সহায়তায় পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। উড্ডয়নের সঙ্গে সঙ্গেই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর ঘাঁটির সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্তকারীরা ঘটনাটি খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন লাগতে পারে, আর বিস্তারিত কারণ নির্ধারণে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক বিবৃতিতে বোয়িং নিশ্চিত করেছে যে তাদের দুই কর্মী ওই বিমানে ছিলেন। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম দুর্ঘটনাটিকে “মর্মান্তিক ঘটনা” বলে উল্লেখ করে নিহতদের পরিবার ও বিমানঘাঁটির সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘ-পাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। বিমানটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রচলিত বোমার পাশাপাশি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর কার্যক্ষম পরিসর অত্যন্ত দীর্ঘ। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচজন ক্রু থাকেন—বিমান কমান্ডার, পাইলট, রাডার ন্যাভিগেটর, ন্যাভিগেটর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা। উল্লেখ্য, এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমি এলাকায় অবস্থিত। দুর্ঘটনার পর বিভিন্ন অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্যরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম