লস এঞ্জেলেস

ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন ভোটারদের উদ্দেশে বলেছেন, কেউ যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দও করেন, তবুও রাজ্যের উন্নয়নের কথা ভেবে তাকে ভোট দিতে পারেন। বুধবার লস এঞ্জেলেসে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন হিলটন। একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খাদ্য গুদামের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, এটি ক্যালিফোর্নিয়ার বর্তমান প্রশাসনের ব্যর্থতার প্রতীক। এ সময় তিনি রাজ্যের উচ্চ জীবনযাত্রার ব্যয় কমানোর একাধিক প্রতিশ্রুতি দেন। তার ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— পেট্রোলের দাম কমিয়ে প্রতি গ্যালন ৩ ডলারে নামিয়ে আনা, বিদ্যুৎ ও গ্যাসসহ ইউটিলিটি বিল অর্ধেকে কমানো এবং বছরে ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত আয়ের ওপর রাজ্য আয়কর বাতিল করা। হিলটন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ডেমোক্র্যাটদের কারণেই ক্যালিফোর্নিয়ায় গৃহহীনতা বেড়েছে, শিক্ষার মান কমেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। তার ভাষায়, ডেমোক্র্যাটরা "শ্রমজীবী মানুষকে পরিত্যাগ করেছে।" প্রচারণায় ট্রাম্পের সমর্থন পাওয়ার বিষয়টি উল্লেখ করে হিলটন বলেন, এই নির্বাচন ওয়াশিংটনের রাজনীতি নিয়ে নয়; বরং ক্যালিফোর্নিয়াকে আবারও পরিবার গড়া, বসবাস এবং ব্যবসার জন্য দেশের সেরা অঙ্গরাজ্যে পরিণত করার লড়াই। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট ভোটারের সংখ্যা রিপাবলিকানদের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০০৬ সালের পর থেকে কোনো রিপাবলিকান প্রার্থী রাজ্যজুড়ে বড় কোনো নির্বাচনে জয় পাননি। এছাড়া ট্রাম্পও গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় বড় ব্যবধানে হেরেছেন। অন্যদিকে, হিলটনের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ও সাবেক মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা সচিব জেভিয়ার বেসেরার প্রচার শিবির তার বক্তব্যকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, হিলটন মূলত ট্রাম্পের নীতিরই প্রতিনিধি এবং ক্যালিফোর্নিয়ায় সেই নীতিই বাস্তবায়ন করতে চান। বেসেরার মুখপাত্র জনাথন আন্ডারল্যান্ড বলেন, ট্রাম্পের নীতির কারণেই জ্বালানির দাম বেড়েছে এবং শুল্কের প্রভাবে ক্যালিফোর্নিয়ার পরিবারগুলোর ব্যয় আরও বেড়েছে। তাই ট্রাম্পকে সমর্থন করে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয়। বর্তমানে ক্যালিফোর্নিয়া গৃহহীনতা, আবাসন সংকট, বাজেট ঘাটতি, বাড়ির বীমা সংকট, ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের অন্য রাজ্যে চলে যাওয়া এবং উচ্চ জ্বালানি, কর ও ইউটিলিটি বিলের মতো নানা সমস্যায় রয়েছে। তবে হিলটনের এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ জ্বালানি ও বিদ্যুতের বাজারের ওপর গভর্নরের সরাসরি নিয়ন্ত্রণ নেই। এছাড়া রাজ্যের আয়কর কাঠামো পরিবর্তন করতে হলে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত আইনসভার অনুমোদনও লাগবে। প্রচারণার অংশ হিসেবে হিলটন একটি ৩০ সেকেন্ডের টেলিভিশন বিজ্ঞাপনও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, "যারা আগে থেকেই ধনী নন, তাদের জন্য ক্যালিফোর্নিয়ায় জীবন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আসুন, আমরা ক্যালিফোর্নিয়াকে ঠিক করি।"

এলএবাংলাটাইমস/ওএম