ক্যালিফোর্নিয়ার পশ্চিম হলিউডে পানির পাইপের একটি ভালভে লিক হওয়ায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সান্তা মনিকা বুলেভার্ডের একটি অংশ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় কর্মকর্তাদের মতে, সকাল সাড়ে ৬টার দিকে পাইপে লিকের খবর পাওয়া যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পশ্চিম হলিউডের ভারপ্রাপ্ত মেয়র ড্যানি হ্যাং বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি ভালভে লিক হওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। তবে এটি আগের বড় ধরনের পাইপ বিস্ফোরণের তুলনায় অনেক ছোট এবং দুটি ঘটনা ভিন্ন পাইপলাইনে ঘটেছে।
লিকের কারণে লরেল অ্যাভিনিউয়ের কাছে সান্তা মনিকা বুলেভার্ডের পাশের ফুটপাথ পানি ও কাদায় ঢেকে যায়। ক্ষতিগ্রস্ত এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হয়েছে। তবে এতে স্থানীয় বাসিন্দাদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পর ক্রিসেন্ট হাইটস বুলেভার্ডের কাছে সান্তা মনিকা বুলেভার্ডের পূর্বমুখী লেন বন্ধ রাখা হয়। তবে পশ্চিমমুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।
নতুন এই লিকের ঘটনাস্থলটি গত সপ্তাহে ঘটে যাওয়া বড় ধরনের পানির প্রধান পাইপ বিস্ফোরণের স্থান থেকে প্রায় দুই মাইল দূরে। ওই বিস্ফোরণে লাখো গ্যালন পানি পশ্চিম হলিউডের সড়কে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বর্তমানে ওই এলাকায় ৩৬ ইঞ্চি ব্যাসের প্রধান পানির পাইপ মেরামতের কাজ চলছে। তবে বুধবার রাতে সেই পাইপেও নতুন করে একটি লিক ধরা পড়েছে। ফলে মেরামতকাজ শেষ হতে আরও কিছুটা দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম