লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাস তাঁর প্রতিদ্বন্দ্বী সিটি কাউন্সিল সদস্য নিথিয়া রামানের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে—এমন একটি জরিপকে ভুয়া বলে স্বীকার করেছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়ান স্ট্র্যাটেজিজ। সোমবার প্রতিষ্ঠানটি জানায়, ওই তথাকথিত ‘জরিপ’ আসলে সত্যিকারের কোনো জনমত জরিপ ছিল না। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের জরিপ প্রকল্প শেষ হয়েছে এবং ভবিষ্যতে আর কোনো জরিপ প্রকাশ করা হবে না। আগে প্রকাশিত সব জরিপও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এগুলোকে সত্যিকারের জরিপের তথ্য হিসেবে ব্যবহার বা উদ্ধৃত না করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। মিডিয়ান স্ট্র্যাটেজিজ আরও জানায়, এটি ছিল একটি স্বল্পমেয়াদি ‘সামাজিক পরীক্ষা’। কোনো স্বাধীন যাচাই ছাড়াই কীভাবে তথাকথিত জরিপের তথ্য রাজনৈতিক তথ্যের পরিবেশে ঢুকে পড়ে এবং ছড়িয়ে যেতে পারে, তা পরীক্ষা করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। ভুয়া জরিপে দাবি করা হয়েছিল, আগামী ৩ নভেম্বরের মেয়র নির্বাচনের রানঅফে কারেন বাস নিথিয়া রামানের চেয়ে প্রায় ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। জরিপটি ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত লস এঞ্জেলেসের ৫৬০ জন ভোটারের ওপর পরিচালিত হয়েছে বলেও দাবি করা হয়েছিল। এতে জরিপের ভুলের সম্ভাব্য সীমা বা মার্জিন অব এরর ৪ দশমিক ১ শতাংশ বলা হয়েছিল। ভুয়া জরিপে আরও দাবি করা হয়, অংশগ্রহণকারীদের ১৬ শতাংশ স্পেন্সার প্র্যাটকে ভোট দিয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ আসন্ন নির্বাচনে বাসকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এবং প্রায় ৭ শতাংশ রামানকে সমর্থন করবেন। জরিপের বিশ্লেষণে বলা হয়েছিল, প্র্যাটের ভোটাররা বর্তমান মেয়র বাসকেই তুলনামূলকভাবে পরিচিত ও মধ্যপন্থী প্রার্থী হিসেবে দেখছেন। জরিপের ফল প্রকাশের পর বাসের নির্বাচনী প্রচার শিবিরের এক্স অ্যাকাউন্ট থেকে তা উদযাপন করে একটি পোস্ট দেওয়া হয়। পরে পোস্টটি মুছে ফেলা হয়। মুছে ফেলা ওই পোস্টে বাস লিখেছিলেন, “কাজ করে যাচ্ছি, মানুষের পাশে আছি এবং গতি তৈরি হচ্ছে। চলুন, এলএ!” বাসের প্রচার শিবিরের একজন মুখপাত্র কেটিএলএকে বলেন, একাধিক সংবাদমাধ্যমে এই জরিপের খবর প্রকাশিত হয়েছিল। নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে কেউ অসৎভাবে এমন কাজ করে থাকলে, তা তদন্ত করে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা উচিত। অন্যদিকে রামানের প্রচার শিবির বাসের প্রচারকে সরাসরি আক্রমণ করেছে। তাদের একজন মুখপাত্র বলেন, মেয়রের প্রচার শিবির উৎস যাচাই না করেই একটি ভুয়া জরিপ প্রচার করেছে। রামানের প্রচার শিবির আরও দাবি করে, এটি এমন একটি প্রশাসনের আরেকটি উদাহরণ, যারা অনেক সময় মৌলিক বিষয়গুলোও ঠিকভাবে সামলাতে পারে না। তাদের অভিযোগ, একটি গর্ত মেরামতের আগেই সেটি মেরামত করা হয়েছে বলে পোস্ট করা থেকে শুরু করে বয়েল হাইটসের বাসিন্দাদের পরিচ্ছন্নতার কাজের সময়সীমা নিয়ে বারবার ভুল তথ্য দেওয়া হয়েছে। তাদের ভাষ্য, লস এঞ্জেলেসের মানুষ এমন একজন মেয়র চান, যিনি তথ্য যাচাই করে কথা বলবেন, পরিষ্কারভাবে যোগাযোগ করবেন এবং কাজ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করবেন।

এলএবাংলাটাইমস/ওএম